বেয়ারস্টো-ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে হায়দরাবাদের রেকর্ড

দুর্দান্ত এক ইনিংস খেললেন ওয়ার্নাররানপাহাড়ে পিষ্ট হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের বোলারদের অসহায় করে ছেড়েছেন জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার। দুজনের ব্যাটিং তাণ্ডবে ঘরের মাঠের দর্শকদের উপভোগ্য এক ইনিংস উপহার দিলো সানরাইজার্স হায়দরাবাদ। তাদের সেঞ্চুরিতে আইপিএলে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে গতবারের ফাইনালিস্টরা।

আইপিএলের ইতিহাসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরির দ্বিতীয় ঘটনা ঘটলো। এর আগে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি হয়েছিল ২০১৬ সালে, গুজরাটের বিপক্ষে একশ করেন বেঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।  

দুই সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩১ রান করে হায়দরাবাদ। এটাই নিজেদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের সর্বোচ্চ স্কোর ছিল দুই বছর আগে, কলকাতার বিপক্ষে ২০৯ করেছিল তারা। এছাড়া রেকর্ড উদ্বোধনী জুটিও হয়েছে এদিন।

প্রথমবার আইপিএলে সেঞ্চুরি করলেন বেয়ারস্টোটস হেরে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ। প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান করে বেয়ারস্টো-ওয়ার্নার জুটি। তারপরও থামেনি তারা। ২৮ বলে ৫০ করেন বেয়ারস্টো, তার চেয়ে চারটি বল বেশি খেলে হাফসেঞ্চুরি করেন ওয়ার্নার।

১২ চার ও ৫ ছয়ে ৫২ বলে প্রথম আইপিএল সেঞ্চুরি করেন বেয়ারস্টো। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও চার বল খেলে দুটি ছয় মেরে থামেন। ৫৬ বলে ১১৪ রানে যুজবেন্দ্র চাহালের শিকার হন বেয়ারস্টো।

এর আগে তারা ভাঙেন ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের গড়া উদ্বোধনী জুটির রেকর্ড। গুজরাট লায়ন্সের বিপক্ষে ১৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। তাদের পেছনে ফেললেন বেয়ারস্টো-ওয়ার্নার, ১৮৫ রান যোগ করেন দুজনে। ইনিংসের দুই বল বাকি থাকতে চার মেরে চতুর্থ সেঞ্চুরি করেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস ছিল ৫টি করে চার ও ছয়ে।

এদিনও দলে জায়গা পাননি বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরানো চোটে বাদ পড়েছেন কেন উইলিয়ামসন। তার জায়গায় ডাক পেয়েছেন মোহাম্মদ নবি। হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার।