দুর্ভাগা সাকিব!

sakibনিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন সাকিব আল হাসান। বিপিএলের ফাইনালে ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। কঠোর পরিশ্রম করে ফিরে পেয়েছেন ফিটনেস। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে খেললেনও, কিন্তু ওই একটি ম্যাচ খেলেই তিনি বাদ। আবার কবে হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন সাকিব? উত্তরটা জানা নেই কারও।

২৪ মার্চ বিশেষ এক দিনে মাঠে নেমেছিলেন সাকিব। সেদিন ছিল তার ৩২তম জন্মদিন। ম্যাচটা আবার ছিল তারই সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেন্সে। জন্মদিনে সম্মান জানিয়ে সাকিবকে ম্যাচ শুরুর আগে ঘণ্টা বাজানোর সুযোগ দিয়েছিল বিখ্যাত ভেন্যুটি। অন্যদিকে সানরাইজার্স শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিল, ‘সাকিবকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমার বিশেষ দিনটি উদযাপনের জন্য কী দারুণ একটা দিন! আপনারা সবাই জানেন, তার জন্য সঠিক উপহার কী হতে পারে!’  

সেটা অবশ্য হয়নি। ১৮১ রান করেও ইডেন থেকে জয় নিয়ে ফিরতে পারেনি সানরাইজার্স। বলা ভালো সাকিবদের জিততে দেননি আন্দ্রে রাসেল। শেষ তিন ওভারে ৫৩ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে থাকা নাইট রাইডার্সকে নাটকীয় জয় উপহার দিয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার।

সিদ্ধার্থ কাউলের করা ১৮তম ওভারে রাসেল তুলে নেন ১৯ রান। পরের ওভার করতে আসেন কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা ভুবনেশ্বর কুমার। রাসেলের তাণ্ডবে ওই ওভারের ছয়টি বলের চেহারা ছিল এমন; ৪-৬-৪-০-৬-১। ভুবনেশ্বরের ওভারে ২১ রান ওঠায় শেষ ওভারে কলকাতার প্রয়োজন হয় ১৩ রান। আর তখনই সাকিবের হাতে বল তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ‘অরেঞ্জ আর্মি’র মুখে হাসি ফোটাতে পারেননি। শুভমান গিলের দুই ছক্কায় দুই বল আগেই ম্যাচ শেষ। ১৯ বলে অপরাজিত ৪৯ রানের ঝড়ো ইনিংসে রাসেল অবশ্য কলকাতার জয়ের প্রধান নায়ক।

শেষ ওভারে ব্যর্থ হলেও সেদিন বল হাতে ভালোই পারফরম্যান্স ছিল সাকিবের। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন ক্রিস লিনের উইকেট। প্রথম ওভারে ৬ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে খরচ করেন ৭ রান। তৃতীয় ওভারটা অবশ্য ব্যয়বহুল ছিল, দুটি ছক্কা সহ দিয়েছিলেন ১৫ রান। আর সব শেষে ম্যাচের শেষ ওভারের সেই ট্র্যাজেডি। বোলিং ফিগার (৩.৪-০-৪২-১) তাই হতাশাজনক। ব্যাট করার সুযোগ পাননি বলে জন্মদিনে হতাশাটা আরও বেশি হওয়ারই কথা।

হায়দরাবাদের দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসন ফিরতেই বাদ পড়েছেন সাকিব। উইলিয়ামসন ১৪ রান করলেও রাজস্থান রয়্যালসকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে ‘অরেঞ্জ আর্মি’। পুরোনো ইনজুরি ফিরে আসায় আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামতে পারেননি সানরাইজার্সের নিয়মিত অধিনায়ক। তবু একাদশে সুযোগ হয়নি সাকিবের। মাঠে নেমেই বাজিমাত করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি, ৪ ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট! এর আগে ঝড়ো সেঞ্চুরি করে দলকে রান-পাহাড়ে নিয়ে গেছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। আরেক বিদেশি রশিদ খানের বাদ পড়ার সম্ভাবনা কম।

তাই এবারের আইপিএলে সাকিবের মাঠে নামা আরও অনিশ্চয়তার মধ্যে। তার দল এখন বিদেশিদের মধ্যে কাকে-ছেড়ে-কাকে-খেলাবে সেই মধুর সমস্যায়। ‘ফরেন’ কোটা যে মাত্র চারটি!