আইপিএল খেলতে ভারতে যাওয়া সাকিব রবিবার রাতে ফিরেছেন ঢাকায়। সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে এসে রিপোর্টও করেছেন, কিন্তু দুপুরের পর তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ফটোসেশনে অংশ নিয়েছে জাতীয় দল।
সাকিবের এমন আচরণে বিসিবি সভাপতি ক্ষোভ চেপে রাখতে পারেননি। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “ফটোসেশনে সাকিবের অনুপস্থিতি সত্যিই দুঃখজনক। আমি স্টেডিয়ামে ঢোকার সময় সাকিবকে ফোন করে জিজ্ঞেস করলাম, ‘তুমি কোথায়?’ ও বললো, ‘আমি তো ঢাকায় চলে এসেছি। আপনার বাসায় আসবো রাতে।’ আমি বললাম, ‘কেন? এখনই তো দেখা হবে।’ ও বলল, ‘না, আমি বেরিয়ে গেছি।’ আমি পরে জানতে পারলাম যে সাকিবকে আগেই বলা হয়েছিল আজ দলের ফটোসেশন হবে। জাতীয় দল বিশ্বকাপে যাচ্ছে, তাই সবার সঙ্গে সাকিবকেও ফটোসেশনে দেখার আশা করেছিলাম। কিন্তু সে ছিল না।’
বিপিএল ফাইনালে ইনজুরির পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব। এই ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যাননি। আইপিএলে তিনটি ম্যাচ খেললেও জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। গত ২২ এপ্রিল জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ভারতে থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটিরই অলরাউন্ডার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব।