বাংলাদেশের বিপক্ষে ১ হাজার ৯৪৭ রান নিয়ে নেমেছিলেন হোপ। ইনিংসের ২৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বালে বাউন্ডারি হাঁকিয়ে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তাতে ছাড়িয়ে যান ভিভকে। ক্যারিবিয়ান কিংবদন্তির এই মাইলফলক ছুঁতে লেগেছিল যেখানে ৪৮ ইনিংস, সেখানে হোপ পৌঁছে গেছেন ৪৭ ইনিংস খেলে।
হোপ ও ভিভের পর তৃতীয় ক্যারিবিয়ান হিসেবে দ্রুততম মাইলফলকটি স্পর্শ করেছেন গর্ডন গ্রিনিজ। বাংলাদেশের সাবেক কোচের লেগেছিল ৪৯ ইনিংস।
ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে হোপ। তার মতো ৪৭ ইনিংস খেলে আগে থেকেই চারে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথান ট্রট। তালিকায় সবার উপরে হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকান তারকা মাত্র ৪০ ইনিংসে পূরণ করেছিলেন ২ হাজার রান।
হোপের সবচেয়ে ‘প্রিয়’ প্রতিপক্ষ সম্ভবত বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের ছয় সেঞ্চুরির তিনটিই যে করেছেন তিনি টাইগারদের বিপক্ষে। সেটাও আবার টানা! ডানডিনের ম্যাচ দিয়ে বাংলাদেশের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরি করেছেন তিনি। গত বছর বাংলাদেশ সফরে টানা দুই ইনিংসে (১৪৬* ও ১০৮*) সেঞ্চুরির পর মঙ্গলবারই প্রথমবার মুখোমুখি হয়েছিলেন টাইগারদের। এই ম্যাচটিও রাঙিয়ে নিয়েছেন তিনি শতক দিয়ে। ক্রিকইনফো