সৌম্যর হাফসেঞ্চুরি

সৌম্য সরকার (ফাইল ছবি)সৌম্য সরকার ছন্দে ফিরেছিলেন আবাহনী লিমিটেডের হয়ে, সেটা ধরে রেখেছেন জাতীয় দলেও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন এই ওপেনার। জেসন হোল্ডারকে বাউন্ডারি মেরে অষ্টম ফিফটি হাঁকান সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৬২ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরু করেছিল সতর্ক ব্যাটিংয়ে। সৌম্যর সঙ্গে তামিম ইকবালের শতরানের জুটিতে এগিয়ে যাচ্ছে তারা। এর আগে শাই হোপের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

শেলডন কট্রেলের প্রথম ওভারে তামিম ও সৌম্য সিঙ্গেল একটি করে রান নেন। আরেকটি রান আসে ওয়াইডে। এরপর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে গেছেন তারা। প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগের ওভারে তামিম দুটি বাউন্ডারিতে স্বরূপে ফেরেন। ৩৭ রানে অপরাজিত তিনি। আর ৫২ রানে খেলছেন সৌম্য।

মঙ্গলবার টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন হোপ (১০৯)। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে শতক পূর্ণ করা এই ব্যাটসম্যান আরেকবার জ্বলে উঠলে বড় সংগ্রহের ভিত পায় ক্যারিবিয়ানরা।

কিন্তু মাশরাফি (৩/৪৯), মোহাম্মদ সাইফউদ্দিন (২/৪৭), সাকিব আল হাসান (১/৩৩) ও মেহেদী হাসান মিরাজের (১/৩৮) নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট নিতে ৮৪ রান খরচ করা মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপের আগে বাংলাদেশের সব বোলারের প্রস্তুতিটা হয়েছে দারুণ।

ক্যারিবিয়ানদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোস্টন চেস করেছেন ৫১ রান। এছাড়া সুনিল অ্যামব্রিস ৩৮ ও অ্যাশলে নার্স করেন ১৯ রান।