হায়দরাবাদে আগে ব্যাট করতে নেমে কিয়েরন পোলার্ডের ব্যাটে ৮ উইকেটে ১৪৯ রান করে মুম্বাই। এরপর শেন ওয়াটসনের দুরন্ত এক ইনিংসে জয়ের সম্ভাবনা জাগায় চেন্নাই। কিন্তু শেষ ওভারে আর পেরে ওঠেনি তারা। ২০ ওভারে ৭ উইকেটে চেন্নাই করে ১৪৮ রান।।
শেষ ওভারে ৯ রান দরকার ছিল চেন্নাইয়ের। ক্রিজে ওয়াটসনের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ৪ রান দূরে থাকতে চতুর্থ বলে দুটি রান নিতে গিয়ে রানআউট হন ওয়াটসন। ৫৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৮০ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। নেমেই শারদুল ঠাকুর দুটি রান নিলে ম্যাচের উত্তেজনা গড়ায় শেষ বলে, দরকার ছিল ২ রান। কিন্তু লাসিথ মালিঙ্গার ইয়র্কারে শারদুল এলবিডাব্লিউ হলে শ্বাসরুদ্ধকর জয় পায় মুম্বাই।
লক্ষ্য বড় না হলেও ব্যাটিং ব্যর্থতায় বিপদে পড়েছিল চেন্নাই। অবশ্য একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ওয়াটসন। ফাফ দু প্লেসি (২৬) ও ডোয়াইন ব্রাভো (১৫) ছাড়া আর কারও কাছ থেকে উপযুক্ত সঙ্গ পাননি তিনি। তারপরও তার ব্যাটে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল চেন্নাই। কিন্তু দুই বল আগে তার আউটে সেটা ভেঙে যায়।
৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুম্বাই পেসার জসপ্রীত বুমরাহ।
এই আইপিএলের সবচেয়ে ভ্যালুয়েবল (সিরিজসেরা) খেলোয়াড় হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। সেরা স্ট্রাইক রেটের পুরস্কারও উঠেছে ক্যারিবিয়ান অলরাউন্ডারের হাতে। সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে পারপল ক্যাপ পেয়েছেন চেন্নাইয়ের স্পিনার ইমরান তাহির। সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৯২ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। তার দল পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন কলকাতার শুভমান গিল। ক্রিকইনফো