কোহলিকে হাফসেঞ্চুরি করতে দিলেন না সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন (ফাইল ছবি)ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে দারুণ করছে বাংলাদেশ। কার্ডিফে অধিনায়ক বিরাট কোহলিকে বোল্ড করে ভারতের তৃতীয় উইকেট তুলে নিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশি পেসারের বলে ৪৭ রানে ভাঙে কোহলির স্টাম্প। ১৯ ওভারে ৩ উইকেটে ৮৩ রান ভারতের।

কার্ডিফে বাংলাদেশকে শুরুতে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। আরেক ওপেন রোহিত শর্মাকে ফেরান রুবেল হোসেন। মাত্র ৫ রানে ভারত প্রথম উইকেট হারালে কোহলির সঙ্গে রোহিতের ৪৫ রানের জুটি ভাঙেন তিনি। তার শর্ট বল রোহিতের ব্যাটে লেগে নিচু হয়ে স্টাম্পে আঘাত করে। ভারতীয় ওপেনার ৪২ বল খেলে ১৯ রানে বিদায় নেন।

এর আগে তৃতীয় ওভারে মোস্তাফিজের ফুলার লেন্থের বল কোনাকুনি ভেতরে ঢুকে পড়লে পরাস্ত হন ধাওয়ান। বিদায় নেন ১ রানে। সবশেষ ৪৬ বলে ৫টি চারে সাজানো কোহলির ইনিংস থামালেন সাইফউদ্দিন।

 শুরুতে মাত্র দুই বল পর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টার মতো। তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা।

কার্ডিফে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। উইকেট বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের।

ভারতীয় অধিনায়ক কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

তার ওপর চোট শঙ্কাও রয়েছে কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর।