হাফসেঞ্চুরিতে লিটন-মুশফিকের প্রতিরোধ

লিটন দাসের প্রতিরোধতামিম ইকবালকে বিশ্রামে রাখায় ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্ততি ম্যাচে উদ্বোধনী জুটিতে খেলেছেন লিটন দাস ও সৌম্য সরকার। বেশ সতর্ক ব্যাটিং করছিলেন তারা। কিন্তু ভালো শুরুর পর পাওয়ার প্লের শেষ ওভারে বুমরাহর জোড়া আঘাতে বিপদে পড়ে বাংলাদেশ। এই ধাক্কা তারা কাটিয়ে উঠেছে লিটন ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে। ২৮ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে হয়েছে ২ উইকেটে ১৫৭ রান।

জসপ্রীৎ বুমরাহ ও মোহাম্মদ সামির স্পেলে দেখেশুনে খেলছিলেন লিটন ও সৌম্য। কিন্তু দশম ওভারের চতুর্থ বলে বুমরাহর বল সৌম্যর ব্যাটের কানায় লেগে দিনেশ কার্তিকের গ্লাভসে ধরা পড়ে। ২৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি, ভাঙে ৪৯ রানের জুটি। পরের বলেই সাকিব আল হাসানকে বোল্ড করেন ভারতীয় পেসার।

মুশফিকের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়ার পথে ২৪তম ওভারে যুজবেন্দ্র চাহালকে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি করেন লিটন। চার ওভার পর মুশফিও পান ফিফটির দেখা, ৫৮ বল খেলে। ৫০ রানে তিনি অপরাজিত খেলছেন, আর লিটন টিকে আছেন ৭০ রানে।

হাফসেঞ্চুরির পথে মুশফিকের শটএর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশের বোলাররা। ১০২ রানে ভারতের ৪ উইকেট তুলে নেয় তারা। কিন্তু লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৬০ রানের টার্গেট দিয়েছে ভারত। ৭ উইকেটে তারা করেছে ৩৫৯ রান।

রুবেল হোসেন দুটি উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দেন। কিন্তু ধোনি ও রাহুলের ১৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সাব্বির রহমানের ব্রেক থ্রুয়ে ভাঙে এই জুটি। ৯৯ বলে ১২ চার ও ৪ ছয়ে ১০৮ রানে তার শিকার হন রাহুল।

৭৮ বলে ৮ চার ও ৭ ছয়ে ১১৩ রান করে ইনিংসের শেষ ওভারে সাকিব আল হাসানের কাছে উইকেট হারান ধোনি।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব ও রুবেল। একটি করে পান সাইফউদ্দিন, সাব্বির ও মোস্তাফিজুর রহমান।