বুধবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসেছিলেন মরগান। ওভালে আগামীকাল প্রথম ম্যাচে তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফেভারিট হিসেবে র্যাংকিংয়ের তিন নম্বর দলটির মুখোমুখি হবে স্বাগতিকরা। ইনজুরিতে মার্ক উড, জোফরা আর্চার ও লিয়াম ডসনকে নিয়ে শঙ্কা থাকলেও প্রস্তুত ইংলিশরা।
পাকিস্তানের বিপক্ষে ৪-০ তে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ইংল্যান্ড। তবে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে প্রস্তুতি শেষ করেছে তারা। তাদের ঘিরে প্রত্যাশার পারদ আকাশছোঁয়া থাকলেও নির্ভার মরগান, ‘দল হিসেবে আমরা এটা নিয়ে কথা বলেছি, উঁচু প্রত্যাশা ও ফেভারিট পরিচিতি পাওয়ার কারণ আছে। গত দুই বছরে বিশেষ করে ঘরের মাঠে আমরা ছিলাম অসাধারণ এবং এটাই কারণ।’
আত্মবিশ্বাস সঙ্গে করে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে চান অধিনায়ক, ‘ড্রেসিংরুমে সবার মধ্যে অনেক বিশ্বাস আছে। আমরা আমাদের খেলা নিয়ে আত্মবিশ্বাসী। কোনও বিশ্বকাপ বা অ্যাশেজের প্রথম ম্যাচ সবসময় ভিন্ন এবং এটাই স্বাভাবিক। চাপের সঙ্গে মোকাবিলা করা একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা মুখিয়ে আছি। যে কোনও পরিস্থিতিতে একটি জয় (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) আমাদের চাপ কাটিয়ে উঠতে সাহায্য করবে।’
দুই বছর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের মেয়েরা বিশ্বকাপ জিতেছিল। এবার তাদের পদাঙ্ক অনুসরণ করে ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা আদায় করতে চান মরগানরা। এজন্য প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের বিকল্প আর কী হতে পারে! আইসিসি