বুধবার ১ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। ৬০ সেকেন্ডের ক্রিকেট চ্যালেঞ্জে বাংলাদেশের দুই অঙ্গনের তারকা মেতে উঠলেন ব্যাট হাতে। ১ মিনিটে কোন দল কত রান নিতে পারেন, সেই প্রতিযোগিতায় রাজ্জাক-জয়া জুটি বাংলাদেশের জার্সিতে স্কোরে জমা করতে পারেন ২২ রান।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছিলেন আয়োজকরা। শুধু বলে এসেছিল, বাকিংহাম প্যালেসকে ব্যাকড্রপে রেখে সাজানো মঞ্চে চমক অপেক্ষা করছে। সেই চমকের বড় একটি অংশ ছিল এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া ১০ দলের দুজন করে প্রতিনিধিকে হাজির করে তাদের মধ্যে স্ট্রিট ক্রিকেটের লড়াই জমিয়ে তোলা। মানে ৩০ মে মূল পর্ব শুরুর আগে সব দলের প্রতিনিধিদের নিয়ে আগেই ক্রিকেট লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে দেওয়া।
এই পর্ব শেষে গত বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লার্ক স্বপ্নের ট্রফি হাতে উঠে আসেন মঞ্চে। এরপর এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘স্ট্যান্ড বাই’-এর মাধ্যমে শেষ হয় ১ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। ক্রিকইনফো