সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকে শুভকামনা জানিয়েছেন ম্যুলার। যেখানে ভারত ও কোহলির কথা আলাদা করে বলেছেন তিনি।
২০১৪ বিশ্বকাপে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ম্যুলার। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের খেলা এই ফরোয়ার্ড ক্রিকেটের খোঁজ-খবরও সম্ভব খুব ভালোই রাখেন। ভারতের জার্সি গায়ে এক হাতে ব্যাট উঁচিয়ে কাঁধের ওপর রেখে তোলা ছবি পোস্ট করেছেন টুইটারে। সঙ্গে লিখেছেন, ‘২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া সব দলকে আমার শুভকামনা। উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশা।’
টুইটের পরের অংশে ভারতকে সমর্থন জানিয়েছেন ম্যুলার, ‘বিশেষ করে আমার প্রার্থনা থাকবে ভারতের অধিনায়ক বিরাট কোহলির জন্য। সে জার্মানি জাতীয় দলের ভক্ত, অনেকবার জার্মানিকে সমর্থন জানিয়েছে সে।’
বিশ্বকাপ শুরু হয়েছে ৩০ মে, যদিও এখনও মাঠে নামেনি ভারত। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের মিশন শুরু হবে আগামীকাল (বুধবার)। সাউদাম্পটনের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।