গত বুধবার ওভালের ম্যাচে কেন উইলিয়াসনকে রান আউট করতে ব্যর্থ হয়েছিলেন মুশফিক। তার আগে ব্যাটিংয়ে আবার নিজেই প্যাভিলিয়নে ফিরেছিলেন রান আউটের শিকার হয়ে। সাকিব-মুশফিক জুটি আরও কিছুক্ষণ থাকলে কিংবা নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতে উইলিয়ামসনকে রান আউট করতে পারলে ম্যাচটি বাংলাদেশের পক্ষে আসতে পারতো— এই ধারণাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বত্র মুশফিককে নিয়ে হচ্ছে সমালোচনা।
বৃহস্পতিবার ওভাল থেকে কার্ডিফ ফেরার দিনেও হতাশ মুখের মুশফিককে দেখা গেছে। এমনকি বাংলাদেশের হাইকমিশনের আমন্ত্রণে নৈশভোজেও বিষণ্ন ছিলেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই দুঃসহ স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছেন না এই উইকেটরক্ষক। অনুষ্ঠানে মাশরাফি নানাভাবে মুশফিকের সঙ্গে খুনসুটি করে মন ভালো করার চেষ্টা করেছেন। সেই মুহূর্তে হাসলেও বোঝা যাচ্ছিল, মনের ভেতর কী যন্ত্রণাই না চলছে মুশফিকের!
শুক্রবারের সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির কাছে অবধারিত ভাবেই এলো প্রশ্নটা— মুশফিকের খবর কী? মাশরাফি কিন্তু ইতিবাচক কথাই শোনালেন, ‘আমার কাছে মনে হয়, মুশফিক পুরোপুরি ঠিক আছে। খারাপ থাকার তো কোনও কারণ দেখি না।’
মুশফিককে নিয়ে হওয়া সমালোচনার কথাও জানানো হলো মাশরাফিকে। যদিও বাংলাদেশ অধিনায়ক তা পাত্তাই দিলেন না, ‘যারা কাজ করবে, তাদের নিয়ে সমালোচনা হবেই। সমালোচনা করা খুবই সহজ। দল থেকে পুরো সাপোর্ট সবাই সবাইকে করছে।’
নিজের পারফরম্যান্স উদাহরণ হিসেবে টেনে আরও পরিষ্কার করলেন বিষয়টি, ‘কেবল মুশফিক নয়, আমিও আমার সেরাটা এখনও দিতে পারিনি। খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটা হতেই পারে। এটা সাধারণ ব্যাপার। মুশফিকও ভালো আছে। দলের অবস্থা এখন ভালো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালের ম্যাচে মিড অন থেকে তামিম ইকবালের দারুণ একটি থ্রো হাত বাড়িয়ে ধরার আগেই মুশফিকের কনুই লেগে ভেঙে যায় স্টাম্পে। নিশ্চিত আউট থেকে বেঁচে যান কেন উইলিয়ামসন। ৭ রানে জীবন পাওয়া কিউই অধিনায়ক থামেন ৪০ রানে। যাতে ম্যাচের দৃশ্যপটও যায় পাল্টে। মুশফিকের ওই ভুল নিয়েই ওঠে সমালোচনার ঝড়।