বাংলাদেশ ভক্ত ক্যারির কথা

লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশ ভক্ত ক্যারিবিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আজকের ম্যাচেও মাঠে ইংল্যান্ড। কিন্তু গ্যালারির মতো মাঠের বাইরেও লাল-সবুজের ছড়াছড়ি। বাংলাদেশের ক্যাপ আর পতাকা বিক্রি হচ্ছে, লোকে কিনছেও দেদার। টাইগারদের যেসব ভক্ত খালি হাতে এসেছিলেন, তারা মাঠে ঢোকার আগে প্রিয় দলের ক্যাপ বা মাফলার কেনার সুযোগ হাতছাড়া করলেন না।

বিক্রেতাদের একজন ক্যারি। কথা বলার জন্য এগিয়ে গেলে আন্তরিকতার সঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত। বাংলাদেশের খেলা আমার খুব ভালো লাগে।’

ক্যারির দোকানে বিক্রি হচ্ছে দেদারকার্ডিফেই দীর্ঘদিন বসবাস করছেন ক্যারি। সোফিয়া গার্ডেনস কিংবা মিলেনিয়াম স্টেডিয়াম যেখানে খেলা হোক, সবখানেই থাকেন তিনি। জার্সি, পতাকা, হ্যাট, ক্যাপের অস্থায়ী দোকান দিয়ে প্রয়োজন পূরণ করেন ভক্তদের। আজ তার দোকানে বাংলাদেশের সামগ্রীই বেশি। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে ক্যারি বললেন, ‘ভালো বিক্রি হচ্ছে। বাংলাদেশের সমর্থকরা বেশি কিনছেন। আমি খুব খুশি।’

বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ ছিল কার্ডিফে। দুই ম্যাচেই মাঠে ছিলেন ক্যারি। সাকিব-ভক্ত এই প্রৌঢ়র কথা, ‘আমরা ক্রিকেট তেমন পছন্দ করি না। আমাদের এখানে রাগবি বেশি জনপ্রিয়। তবে ক্রিকেট দেখা হয়। বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। আমার সাকিবের খেলা খুব ভালো লাগে।’

মাফলারে বাংলাদেশ-ইংল্যান্ড ‘ভ্রাতৃত্ব’বাংলাদেশি এক প্রবাসী দম্পতি এই প্রতিবেদকের সামনেই হ্যাট ও মাফলার কিনলেন ক্যারির কাছ থেকে। হ্যাটের দাম ৫ পাউন্ড, আর মাফলার ৭ পাউন্ড। কেনাকাটার পর তারা জানালেন, ‘মাঠে বসে খেলা দেখবো। একটু সেজেগুজে না গেলে কী হয়! বাংলাদেশের জার্সি পরে এসেছি। ক্যাপ-মাফলার ছিল না, তাই কিনে নিলাম।’

ক্যারির মতো বেশ কয়েকজন ব্রিটিশ স্টেডিয়ামের পাশে অস্থায়ী দোকান দিয়েছেন। অনেকেই কিনছেন, কেউ কেউ দরদাম করে চলে যাচ্ছেন।