অ্যাওয়ে জার্সির পুরোটা অবশ্য কমলা নয়। পেছনের দিক ও হাতা কমলা হলেও সামনের দিকটা ডার্ক ব্লু। রঙিন জার্সিতে ওয়ানডে শুরুর পর এবারই প্রথম ভারত এই ধরনের জার্সি গায়ে খেলবে। বার্মিংহামে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে দেখা যাবে এই জার্সিতে।
ওই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অ্যাওয়ে জার্সি। নতুন অভিজ্ঞতা নিতে তর সইছে না ভারতীয় ক্রিকেটারদের। নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কমলা জার্সি গায়ে জড়িয়ে তোলা ছবি পোস্ট করে নিজেদের উন্মাদনা প্রকাশ করেছেন খেলোয়াড়রা।
আইসিসি এবারই প্রথম বিশ্বকাপে হোম ও অ্যাওয়ে জার্সি রাখার নিয়ম করেছে। মূলত মাঠে দুই দলের খেলোয়াড়দের আলাদা করতেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এই উদ্যোগ নিয়েছে। স্বাগতিক ইংল্যান্ডের জার্সির রং নীল হওয়ায় বার্মিংহামের ম্যাচে ভারতকে পরতে হচ্ছে অ্যাওয়ে জার্সি।