বিরাট কোহলিদক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের কাছে দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও ইংল্যান্ড সহজে সেমিফাইনালে উঠবে- এই প্রত্যাশায় বড় ধাক্কা লেগেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ম্যাচ হারায়। বিশ্বকাপে হঠাৎ করে স্বাগতিকদের এই ভোগান্তি দেখে বিস্মিত ভারত অধিনায়ক বিরাট কোহলি।
সেমিফাইনালে যেতে শেষ দুটি ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। এই চাপ মাথায় নিয়ে রবিবার এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। হেরে গেলে তাদের শেষ চারের ভাগ্য ঝুলে থাকবে অন্যদের হাতে। বিশ্বকাপের শুরু থেকে স্কোরবোর্ডে দাপট দেখানো দলটির এমন অবস্থা দেখে হতবাক কোহলি।
ইংল্যান্ডের এই অবস্থার জন্য চাপ বড় ভূমিকা রেখেছে মনে করেন কোহলি, ‘প্রত্যেকে বিস্মিত। আমরা ভেবেছিলাম ইংল্যান্ড সম্ভবত তাদের নিজেদের কন্ডিশনে দাপট দেখাতে যাচ্ছে। কিন্তু টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম, চাপ হতে যাচ্ছে বড় একটা ব্যাপার।’
শীর্ষ র্যাংকিংয়ে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু তিন ম্যাচ হেরে খাদের কিনারায় তারা। ভারতের পর নিউজিল্যান্ডকেও হারাতে হবে তাদের। স্বাগতিকরা হোঁচট খেলে পাকিস্তান, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা উঠে যাবে সেমিফাইনালে।
ইংল্যান্ডকে নিয়ে কোহলি আরও বলেছেন, ‘এই বিশ্বকাপে ইংল্যান্ডের মতো অবস্থা অন্য দলেরও হতে পারতো। আমি মনে করি তাদের নিজস্ব সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনাকে মূল জায়গা ধরে রাখতে হবে। যদি বেশি আবেগ বা উত্তেজনা কাজ করে তাহলে এমন পরিস্থিতিতে চাপ বেড়ে যায়।’