প্রথম জয়েও প্রশ্নবিদ্ধ রিয়ালের রক্ষণ

রিয়ালকে জেতাতে হ্যাটট্রিক করেছেন বেনজিমানতুন মৌসুমের আগে রিয়াল মাদ্রিদে ছিল জয়ের হাহাকার। অবশেষে সেটার দেখা পেলো তারা। কিন্তু প্রশ্ন থেকে গেলো তাদের রক্ষণ নিয়ে। বুধবার মিউনিখে অডি কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করিম বেনজিমার হ্যাটট্রিকে ফেনারবাখের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে রিয়াল।

প্রাক মৌসুমে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে রিয়াল। চমৎকার পারফরম্যান্স করে হ্যাটট্রিক আদায় করেছেন বেনজিমা। কিন্তু ফেনারবাখে তাদের রক্ষণের ফাঁক খুঁজে বের করে তিন গোলে ম্যাচে উত্তেজনা ছড়ায়। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গ্যারি রোদ্রিগেস, নাবিল দিরার ও ওজান টিউফানের লক্ষ্যভেদে জমে ওঠে নাটক। শেষ পর্যন্ত ডিফেন্ডার নাচো ফের্নান্দেস ও বদলি নামা মারিয়ানো দিয়াজের গোলে জেতে স্প্যানিশ জায়ান্টরা।

৫ ম্যাচে ১৬ গোল খেয়েছে রিয়াল। এনিয়ে উদ্বিগ্ন হলেও ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন কোচ জিনেদিন জিদান, ‘এই সমস্যার সমাধান আমরা করবো, কঠোর পরিশ্রম করতে হবে। আমি জানি এই সমস্যঅ আমরা কাটিয়ে উঠবো এবং ভালো একটা মৌসুম কাটবে। কেউই তিন গোল খেতে পছন্দ করে না, কিন্তু আমরা ৫ গোল করে জিতেছি এবং আরও বেশি হতে পারতো। এটাই আসল।’

রিয়াল ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়েছিল। তাদের রক্ষণের বাঁ দিক দিয়ে সহজেই ‍ঢুকে পড়েন কেপ ভার্দের রোদ্রিগেস। ২০ গজ দূর থেকে তার নেওয়া শটে জোর ছিল না, কিন্তু তাও পরাস্ত হন গোলরক্ষক কেইলর নাভাস। জিদানের দল ৬ মিনিট পর সমতা ফেরায়। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস ফেনারবাখের সেন্টার ব্যাক ডিয়েগো রেয়েস ঠেকাতে না পারলে ১০ গজ দূর থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন বেনজিমা।

প্রাক মৌসুমে প্রথমবার রিয়াল এগিয়ে যায় ২৭ মিনিটের গোলে। টনি ক্রুসের ফ্রি কিক থেকে বেনজিমা স্কোর ২-১ করেন। এরপর রিয়ালের রক্ষণ আবারও এলোমেলো হয়ে গেলে সমতা ফেরায় তুর্কি ক্লাব। মরক্কোর মিডফিল্ডাল দিরারের শট আলভারো ওদ্রিওজোলার গায়ে লেগে নাভাসের মাথার উপর দিয়ে বল জালে জড়ায় ৩৪ মিনিটে।

বিরতির পর বদলি নামা লুকাস ভাসকেসের চমৎকার ক্রস থেকে ব্যাকপোস্টে দাঁড়ানো বেনজিমার দুরন্ত হেডে ৩-২ গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৩ মিনিটের এই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। কিন্তু ম্যাচে আবার উত্তেজনা ফেরে ৫৯ মিনিটে টিউফানের গোলে। জায়গা খুঁজে পেয়ে ৩০ গজ দূর থেকে নেওয়া তার বাঁকানো শটে রিয়ালের জাল খুঁজে পায় বল। শেষ পর্যন্ত ৬২ মিনিটে নাচো ও ৭৯ মিনিটে দিয়াসের গোলে স্বস্তির জয় পায় রিয়াল।

ম্যাচের পর বেনজিমা বলেছেন, ‘ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এটা প্রাক মৌসুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লা লিগার প্রথম ম্যাচ (১১ আগস্ট, প্রতিপক্ষ সেল্তা ভিগো)। আমরা প্রস্তুত হচ্ছি, কৌশলগত ও শারীরিকভাবে।’

এদিকে টুর্নামেন্টে ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে টটেনহ্যাম হটস্পার। নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে জেতে স্পাররা।