ক্রিকেট বিশ্লেষকদের বিচারে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম। অ্যান্ড্রু ফ্লিনটফকেও রাখা হয় তার সঙ্গে। তবে মঈনের চোখে তাদের চেয়েও এগিয়ে স্টোকস। হেডিংলি টেস্টের অতিমানবীয় ইনিংসের পর তার কাছে সর্বকালের সেরা অলরাউন্ডার স্টোকস।
অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে স্টোকস অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন ইংল্যান্ডকে। টেস্টে ইংলিশরা সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ার সঙ্গে চলতি অ্যাশেজে ফিরিয়েছে ১-১ সমতা। বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলে শিরোপা এনে দেওয়া স্টোকস আবারও বিস্ময়কর পারফরম্যান্সে হেডিংলি টেস্টে জয় এনে দেওয়ার পর তার প্রশংসায় মেতেছেন মঈন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইল মেইল’কে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার সঙ্গে খেলা সেরা ক্রিকেটার বেন স্টোকস। আমি আনন্দিত তার মতো বন্ধু আছে। কোনও সন্দেহ নেই সে এখন এই দেশের সবচেয়ে সেরা অলরাউন্ডার।’ সঙ্গে যোগ করেছেন, ‘বিশ্বকাপ জেতার ছয় সপ্তাহ পর হেডিংলিতে যেভাবে পারফর্ম করলো স্টোকস এবং অ্যাশেজে আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখলো, সত্যি আমার কাছে অনন্য।’
বোথাম-ফ্লিনটফকে পেছনে রেখে স্টোকসকেই সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নিচ্ছেন মঈন, ‘জানি অতীতে ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফের মতো গ্রেট খেলোয়াড় ছিলেন, তবে আমরা এখন আরেকটি কিংবদন্তিকে দেখতে পাচ্ছি। তার পারফরম্যান্স আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে।’ ডেইলি মেইল