নতুন দিনে চতুর্থ উইকেট হারালো আফগানিস্তান, যার মালিক সাকিব আল হাসান। ইয়ামিন আহমদজাইকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার বল আফগান ব্যাটসম্যানের ব্যাট-প্যাড ছুঁয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়ে। আম্পায়ার শুরুতে আউট দেননি, সাকিবদের জোরালো আবেদনে টিভি রিপ্লের সঙ্কেত দেন। ভিডিও রিপ্লে দেখে আম্পায়ার আউট দেন, ৭ বল খেলে রানের খাতা না খুলে বিদায় নেন ইয়ামিন।
অবশেষে উইকেট পেলেন সাকিব
অবশেষে উইকেটের দেখা পান সাকিব আল হাসান। তাইজুল ইসলামকে বাউন্ডারি মেরে টেস্টে রানের খাতা খোলা কায়েস আহমেদ হন তার শিকার। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলা এই ব্যাটসম্যান ৯ রানে সিলি পয়েন্টে মুমিনুল হকের ক্যাচ হন। তাতে ১৮.৫ ওভার পর প্রথম আফগান উইকেট পান বাংলাদেশ অধিনায়ক।
দিনের প্রথম দুই উইকেট তাইজুলের
আগের দিন হতাশায় কাটলেও তাইজুল ইসলাম ছিলেন আশাবাদী। শুক্রবার প্রথম সেশনে আফগানদের গুটিয়ে দেওয়ার লক্ষ্য ছিল তার। শুরুতে দুটি উইকেট নিয়ে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান এই স্পিনার।
নতুন দিন শুরু করা আসগর আফগান ও আফসার জাজাইকে ফেরান তাইজুল। আসগরকে সেঞ্চুরি বঞ্চিত করার পর আফসারকে ৪১ রানে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পান তিনি।
আসগরকে সেঞ্চুরি করতে দিলেন না তাইজুল
প্রথম দিন কেটেছে হতাশায়। নতুন দিনে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে সকাল শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই তাইজুল পান আসগর আফগানের গুরুত্বপূর্ণ উইকেট। ৫ উইকেটে ২৭১ রানে শুক্রবার খেলা শুরু করে আফগানিস্তান।
আগের দিন তাইজুলের ঘূর্ণিতে বাংলাদেশ দারুণ শুরু করলেও আফগানিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেষ দুই সেশনে। রহমত শাহের সেঞ্চুরি ও আসগরের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের উচ্ছ্বাস কেড়ে নেয় তারা। ৮৮ রানে আসগর ও ৩৫ রানে আফসার শুক্রবারের খেলা শুরু করেন।
রহমতের পর দ্বিতীয় আফগান হিসেবে সেঞ্চুরির পথে ছিলেন আসগর। কিন্তু তাইজুলের দ্বিতীয় ওভারে স্লগ করতে গিয়ে পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ হন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৯২ রানে আউট হন আসগর।