অভিষেক বলেই তাইজুলের উইকেট

তাইজুল ইসলামমিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। ১৮ ওভারের এই ম্যাচে তাদের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ৩০ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার অনেক আগেই। তবে টি-টোয়েন্টিতে প্রথমবার নেমেছেন তাইজুল ইসলাম এই ম্যাচ দিয়ে। আর নিজের প্রথম বলেই উইকেট উৎসবে মেতেছেন এই বাঁহাতি স্পিনার।

সাকিব আল হাসান দ্বিতীয় ওভারেই বল তুলে দেন তাইজুলের হাতে। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই স্পিনার প্রথম বলেই তুলে নিয়েছেন উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে তার প্রথম শিকার ব্রেন্ডন টেলর। ৬ রানে বিদায় নেওয়া টেলরের ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বল সহজেই তালুবন্দী করেন মাহমুদউল্লাহ।

১৮ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃষ্টি থেমেছে মিরপুরে। তাতে আশার আলোও ফুটেছে। বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় ২ ওভার কমে এখন হবে ১৮ ওভারের ম্যাচ।

বিকেলের পর থেকে আর বৃষ্টি ছিল না মিরপুরে। আউটফিল্ড ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে টস না হলেও খেলার সম্ভাবনা ছিল। কিন্তু সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার বৃষ্টি শুরু হলে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা জন্মে। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তাইজুল ইসলামের। শক্তিশালী ব্যাটিং লাইনআপে যোগ করা হয়েছে আফিফ হোসেনকে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেইগ এরভিন, শন উইলিয়ামস, টাইমাইসেন মারুমা, রায়ান বার্ল, টিনোটেন্ডা মুতোম্বজি, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, টোনি মুনোয়ঙ্কা, টেন্ডাই চাতারা।