ফাইনাল পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন

বৃষ্টিতে ফাইনাল নিয়ে সংশয়বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের টস নির্ধারিত সময়ে হয়নি। প্রচণ্ড বৃষ্টিতে খেলা না হওয়ার শঙ্কাও আছে!

শেষ পর্যন্ত খেলা যদি না হয়, তাহলে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট বাইলজ অনুযায়ী, ফাইনালে ফল না পাওয়া গেলে কিংবা পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ও আফগানিস্তান ভাগাভাগি করবে ট্রফি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনালের টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। আর ম্যাচ হওয়ার সূচি ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় মিরপুরের ফাইনাল হওয়া নিয়ে শঙ্কা জন্মেছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওভার কমতে থাকবে, আর রাত ৯-৪০ মিনিটের আগে খেলা শুরু না হলে বাইলজ অনুযায়ী যৌথ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জয়ের হাতছানি সাকিব আল হাসানদের সামনে। ২০০৭ সালে প্রথমবারের মতো কুড়ি ওভার ক্রিকেটের কোনও টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপর আরও ৮টি টুর্নামেন্ট খেলেছে এই ফরম্যাটে। সব মিলিয়ে দুইবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। আরও একবার সুযোগ সাকিব-মুশফিকদের সামনে।

ফাইনালে আফগানিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে স্বাগতিকরা! লিগ পর্বে টানা দুই ম্যাচ হেরে কিছুটা কোণঠাসা আফগানরা। অন্যদিকে চট্টগ্রামে আফগান-জুজু কাটানোর পাশাপাশি অপরাজিত ছিল সাকিবরা। ওই জয়ে লিগ পর্বের সেরা দল হয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে তারা।

লিগ পর্বের চার ম্যাচের তিনটিতে জেতায় মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জয়ের ধারা ঢাকাতেও অব্যাহত রাখতে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টির শিরোপা জেতা হবে টাইগারদের।