করাচিতে পৌঁছেছে লঙ্কান দল, এখানেই ২৭, ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে, যেখানে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।
ওই চোরাগুপ্তা হামলায় ৮ জন নিহত ও কয়েকজন খেলোয়াড় আহত হন। এরপর থেকে বড় দলগুলো পাকিস্তান সফর প্রত্যাখ্যান করে আসছে। শ্রীলঙ্কা সরকার নতুন করে সম্ভাব্য হামলার কথা জানালে এই সফরও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের সরকার দুই সপ্তাহের এই লম্বা সফরে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিলে রাজি হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
কয়েকটি মিডিয়া সূত্রে জানা গেছে- চার্টার্ড ফ্লাইটে নয়, বিজনেস ক্লাসে করাচিতে পৌঁছান থিরিমানেরা। বোর্ডের দুই সদস্য রোশান গুনাথিলাকা ও কানিষ্কাও গেছেন দলের সঙ্গে। বুধবার কোনও অনুশীলন সেশন রাখা হয়নি সফরকারী দলের জন্য। তবে হোটেলে একটি ফটোসেশনে যোগ দেবেন খেলোয়াড়রা। শুক্রবার এই সিরিজ শুরু হওয়ার আগে ইসলামাবাদে শ্রীলঙ্কান হাই কমিশনার খেলোয়াড়দের জন্য একটি ডিনার পার্টির আয়োজন করেছে।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: লাহিরু থিরিমানে (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, অভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা, গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, অভিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকশে, মিনোদ ভানুকা, লাহিরু মাধুশানকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।