লিগ কাপের শেষ ষোলোতে চেলসি, লিভারপুল ও ম্যানইউ

চেলসির গোল উৎসবে দুবার লক্ষ্যভেদ করেন বাতশুয়েইলিগ কাপের তৃতীয় রাউন্ডের খেলা শেষ। বুধবার শেষ ষোলো নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। শেষ আটে ওঠার লড়াই হতে যাচ্ছে বেশ জমজমাট। চেলসি স্বাগত জানাবে ম্যানইউকে, আর লিভারপুল খেলবে আর্সেনালের মাঠে।
চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে বুধবার দ্বিতীয় বিভাগের দল গ্রিমসবি টাউনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চতুর্থ মিনিটে গোল করেন রস বার্কলে। মিচি বাতশুয়েই তার দুই গোলের প্রথমটি করেন ৭ মিনিটে। পেদ্রোর পেনাল্টি গোলে চেলসি প্রথমার্ধ শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে।

এরপর রিচি জেমস, ক্যালাম হাডসন-ওডোয়, কুর্ট জুমা ও বাতশুয়ে্ইয়ের দ্বিতীয় গোলে জয় উৎসব করে চেলসি। এতে করে ২০১২-১৩ মৌসুমের পর আবারও চতুর্থ রাউন্ডে ম্যানইউর সঙ্গে নিশ্চিত করে লড়াই।

টাইব্রেকারে জিতলো ম্যানইউওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল ম্যানইউ। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে জিতে এই বাধা উতরে গেছে তারা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে ৫-৩ গোলে জয় পায় ইউনাইটেড।

গত রবিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হারা দল থেকে ৯টি বদল আনেন ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। তৃতীয় স্তরের দল রোশডেল বেশ ভুগিয়েছে তাদের। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৮ মিনিট পর ১৬ বছর বয়সী লুক ম্যাথেসন সমতা ফেরালে ম্যাচ গড়ায় শুটআউটে।

জিমি কিওহানের শট ঠেকান ম্যানইউ গোলরক্ষক সের্হিয়ো রোমেরো। সব চেষ্টা থেকে সফল হয় ম্যানইউ। ড্যানিয়েল জেমসের লক্ষ্যভেদী শটে নিশ্চিত হয় তাদের দারুণ জয়।

হোয়েভার করেন লিভারপুলের দ্বিতীয় গোলমিলটন কিনেস ডনসের মাঠে ২-০ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের তরুণ একাদশের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু গোলরক্ষক কাউমহিন কেলেয়ারের দৃঢ়তায় জয় নিশ্চিত করে রেডরা। এমকে স্টেডিয়ামে রেকর্ড ২৮ হাজার ৫২১ জন দর্শকের সামনে জয় উৎসব করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

৪১ মিনিটে বক্সের বাইরে থেকে জেমস মিলনারের শট ঠেকাতে পারেননি স্বাগতিক গোলরক্ষক স্টুয়ার্ট মুরে। মিলনারের ভাসানো ক্রস থেকে ৬৯ মিনিটে লক্ষ্যভেদী হেডে ব্যবধান দ্বিগুণ করেন কি-জানা হোয়েভার।

লিগ কাপের চ্যাম্পিয়ন ম্যানসিটি পরের ম্যাচ খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। এছাড়া এভারটন স্বাগত জানাবে ওয়াটফোর্ডকে। অ্যাস্টন ভিলার মাঠে খেলবে উলভারহ্যাম্পটন, বার্টন আলবিন মুখোমুখি হবে লিস্টার সিটির। সান্দারল্যান্ড খেলবে ওক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে। আর টটেনহাম হটস্পারকে বিদায় করা কলচেস্টার খেলবে ক্রউলে টাউনের মাঠে। শেষ ষোলোর খেলা হবে ২৯ ও ৩০ অক্টোবর।