রেকর্ডময় ইনিংসে ব্র্যাডম্যানকে ছাড়ালেন কোহলি

রেকর্ডম্যান কোহলিতার ব্যাটে প্রায় প্রতিনিয়তই জন্ম নেয় নতুন কোনও কীর্তি। রেকর্ড গড়তেই যেন মাঠে নামেন বিরাট কোহলি! পুনে টেস্টে ডাবল সেঞ্চুরিতে নতুন করে লিখেছেন রেকর্ড। হার না মানা ২৫৪ রানের ইনিংস খেলার পথে তিনি ছাড়িয়ে গেছেন ডন ব্র্যাডম্যানের ‘আইকনিক ফিগার’ ৬,৯৯৬ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে খুব বেশি কিছু করতে পারেননি কোহলি। সব জমিয়ে রেখেছিলেন সম্ভবত পুনের দ্বিতীয় টেস্টের জন্য। দারুণ সব শটে ভারতীয় অধিনায়ক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি। তাতে দ্বিশতকের সংখ্যায় তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের।

পুনে টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুতে ২০০ রান পূরণ করে ৭ ডাবল সেঞ্চুরিতে কোহলি বসেছেন ওয়ালি হ্যামন্ড ও মাহেলা জয়াবর্ধনের পাশে। ২০০ বা তার বেশি রানের ইনিংস সংখ্যায় তার সামনে আছেন কেবল কিংবদন্তি ব্র্যাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) ও ব্রায়ান লারা (৯)।

ইতিমধ্যেই ভারতীয় অধিনায়ক পেছনে ফেলেছেন ছয় ডাবলের মালিক টেন্ডুলকার, পন্টিং, ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, বীরেন্দর শেবাগ ও মারভান আতাপাত্তুকে।

৮১ টেস্ট খেলতে নামা কোহলি ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক। তাতে ছাড়িয়ে গেছেন ব্র্যাডম্যানের ৬ হাজার ৯৬৬ রান, মাত্র ৫২ টেস্টে রানের পাহাড় গড়ে গিয়েছেন ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে বিবেচিত এই অস্ট্রেলিয়ান।

চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূরণ করেছেন কোহলি। ১৩৮ ইনিংসে মাইলফলকটি স্পর্শ করে বসেছেন সাঙ্গাকারা ও স্যার গ্যারি সোবার্সের পাশে। দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডটা রয়েছে হ্যামন্ডের দখলে।

টেস্ট অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে নামা কোহলি ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন নবমবারের মতো, এখানেও ভেঙেছেন ব্র্যাডম্যানের (৮) রেকর্ড। কোহলি তার প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেন ২০১৬ সালের জুলাইয়ে। সেই হিসাবে ৭টি দ্বিশতক পেয়েছেন তিনি মাত্র ৪০ টেস্টে। ব্র্যাডম্যানের ১২ ডাবল এসেছে তার ক্যারিয়ারের ৫২ টেস্টে।