মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচে। বাংলাদেশ লাল দলের হয়ে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। সবুজ দলের আরাফাত সানির বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র ৪ রান করে ফেরার সময় বাধে ঝামেলা।
গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন ইমরান নামে এক তরুণ। মুশফিক আউট হয়ে ফেরার সময় বাজে মন্তব্য করেন তিনি। যা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি মুশফিক, তেড়ে যান ইমরানের দিকে।
ড্রেসিংরুমের ওপরের রেলিং টপকে গ্র্যান্ডস্ট্যান্ডে উঠে যান মুশফিক। তারপর ওই তরুণের কাছে গিয়ে বলেন, ‘একটু আগে যা বললেন, তা আমার চোখের দিকে তাকিয়ে বলুন!’
কিছুক্ষণ কথাকাটাকাটির পর কয়েকজন এসে ঝগড়া থামান। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়াম থেকে বের করে দেন ইমরানকে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ছেলেটা আমার পাশেই ছিল। মুশফিককে সে খুব বাজে একটা গালি দিয়েছে। এমন গালি শুনলে যে কারও মাথা খারাপ হয়ে যাবে।’
তবে ইমরানের দাবি, তিনি কোনও খারাপ মন্তব্য করেননি, “আমি মুশফিক ভাইকে কটাক্ষ করে কিছু বলিনি। শুধু বলেছি ‘ব্যাড লাক। যা হওয়ার হয়ে গেছে, পরের ম্যাচে রান পাবেন।’ উনি মাথা নিচু করে ফিরছিলেন। তাই বলেছিলাম, ‘মাথাটা উঁচু রাখেন!’ এতেই উনি খেপে যান।”