মিরপুরে মাহমুদউল্লাহর ঝড়

ঝড়ো হাফসেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহমিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুললেন মাহমুদউল্লাহ। ভারত সফরের যাওয়ার আগে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে এই ব্যাটসম্যান ৫১ বলে খেলেছেন ৮১ রানের ঝড়ো ইনিংস।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতিতে নিজেদের শক্তি-দুর্বলতা দেখে নিতে লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। জয়-পরাজয় ছাপিয়ে যেখানে প্রস্তুতিই ছিল মুখ্য বিষয়।

আগের দিন সবুজ দলের বিপক্ষে হারলেও সোমবার জয় পেয়েছে লাল দল। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সৌম্য সরকারদের নিয়ে গড়া লাল দল জিতেছে ১১ রানে। মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরিতে লাল দল নির্ধারিত ২০ ‍ওভারে ৬ উইকেটে করে ১৪১ রান। জবাবে সবুজ দল ৭ উইকেটে করতে পারে ১৩০ রান।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও খেলেননি সাকিব আল হাসান। কোচের কাছ থেকে ‘ব্যক্তিগত কারণে’ ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার।

আগের ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুশফিক আউট হয়েছেন ৪ রানে। লিটন (২) ও সৌম্য (৫) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ম্যাচে লিটন ৩৬ রান করলেও সৌম্য আউট হয়েছিলেন রানের খাতা না খুলেই। দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন (২৮) ও মোসাদ্দেক হোসেনও (১৪) খুব একটা সুবিধা করতে পারেননি।

তারা ব্যর্থ হলেও নিজের সামর্থ্য দেখিয়েছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচের ব্যর্থতা ঝেরে ঝড় তুলেছিলেন মিরপুরে। ৮ চার ও ২ ছক্কায় ৫১ বলে খেলেছেন ৮১ রানের ঝড়ো ইনিংস।

সবুজ দলের হয়ে এবাদত হোসেন পেয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ ও আল আমিন হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

১৪২ রানের লক্ষ্যে ইমরুল কায়েস-সাব্বির রহমানদের নিয়ে গড়া সবুজ দল সুবিধা করতে পারেনি। সবুজ দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ৩২ রান করেন ইমরুল। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৮ বলে ২১ রান।

লাল দলের হয়ে বোলিংয়ের প্রস্তুতিটা ভালোমতোই সেরে নিয়েছেন মোস্তাফিজুর রহমানরা। মোস্তাফিজ, আফিফ, আবু হায়দার প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট। এক উইকেট পেয়েছেন নাঈম ইসলাম।