‘সাকিবের বিরুদ্ধে তদন্তে বিসিসিআইর কোনও ভূমিকা নেই’

6728c7a26c81e36b6c17a2ef06b2d8bc-5db94676c4cf2২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে দুইবার জুয়াড়ির কাছে প্রস্তাব পান সাকিব আল হাসান। সবশেষ ওই বছরের এপ্রিলে আইপিএলে তার কাছ থেকে ‘ভেতরের তথ্য’ দেওয়ার প্রস্তাব করে জুয়াড়ি। তৃতীয় প্রস্তাবটি আইপিএলে হওয়ায় সাকিবের বিরুদ্ধে তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনও ভূমিকা ছিল কিনা প্রশ্ন উঠেছে। তারই উত্তর দিলেন বোর্ডটির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অজিত সিং।

তিনবার জুয়াড়ির প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোপন করায় মঙ্গলবার আইসিসি দুই বছর নিষিদ্ধ করে সাকিবকে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে (এসিইউ) দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি অলরাউন্ডার জানান, ২০১৮ সালের ২৬ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে জুয়াড়ির কাছে তৃতীয়বার প্রস্তাব পান তিনি। তাতে সাকিবের এই ঘটনায় জড়িয়ে পড়েছে ভারতেরও নাম।

অজিত সিং এই বিষয়ে স্পষ্ট করে জানালেন, এই তদন্তে বোর্ডের কোনও ভূমিকা নেই এবং সবকিছুই করেছে আইসিসি। বিসিসিআইর এসিইউ প্রধান বলেছেন, ‘আমরা যে আইপিএল মৌসুমের কথা বলছি, ওই সময়ে দুর্নীতি বিরোধী বিষয়গুলো আইসিসি দেখভাল করেছিল। পুরো তদন্তটা হয়েছে আইসিসির মাধ্যমে। এতে বিসিসিআইর কোনও ভূমিকা নেই।’

অবশ্য তদন্তে সব ধরনের সহযোগিতা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। এই কর্মকর্তা বলেছেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে এই তদন্তে যথাযথ তথ্য সরবরাহ করেছি। কিন্তু পুরো তদন্তটা করেছে আইসিসি এসিইউ।’