সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধ জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলজুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অবশ্য শাস্তি মেনে নেওয়ায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। সেই হিসেবে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন সাকিব। এই শাস্তিটাও কমিয়ে আনতে আইসিসিকে অনুরোধ জানানোর কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  

আজ (শুক্রবার) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্লেজার হারবার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের (পিএইচআইএফটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাকিবের শাস্তি কমানোর ব্যাপারটি সামনে এনেছেন ক্রীড়া মন্ত্রী।

তিনি বলেছেন, ‘সাকিবের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, ক্রিকেট আইন অনুযায়ী সে ব্যাপারে আপিল করার কোনও সুযোগ নেই। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে যে শাস্তি দিয়েছে, তা সম্পূর্ণ না হলেও কমিয়ে দেওয়ার জন্য আমরা দেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ জানাবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিয়েলা টেক্স গ্রুপের চেয়ারম্যান ডেভিড হাসনাত সহ প্রায় ৪০টি স্কুলের প্রতিনিধিবৃন্দ।

নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতায় ২১টি স্কুলের ৩৭টি দল অংশ নিয়েছে।