শুরুতেই আউট লিটন

চাহার প্রথম ওভারে উইকেট নেনদিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ৫ ওভারে ১ উইকেটে ৩২ রান তাদের। ব্যাট করছেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার।

প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ইনিংসের পঞ্চম বলে দীপক চাহারের শিকার হন। ৪ বলে ৭ রান করে কভার পয়েন্টে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন এই ওপেনার।  

বাংলাদেশের লক্ষ্য ১৪৯ রান

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর এই সিদ্ধান্তে সুফল পায় সফরকারীরা। ৬ উইকেটে ১৪৮ রানে ভারতকে থামিয়েছে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেট তাদের।

দিল্লির ‘ভয়াবহ’ বায়ু দূষণে ভারত ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি শঙ্কায় পড়েছিল। বৃষ্টি হওয়ার পর দুপুর থেকে ধোঁয়া ও কুয়াশায় ছেয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়ামের আশেপাশের এলাকা। ভারতের ক্রিকেট সমর্থকরা ম্যাচটি বাতিলের দাবি জানান। তবে সব শঙ্কা উড়িয়ে মাঠে গড়ায় ছেলেদের ক্রিকেটে ১০০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের মোহাম্মদ নাঈম ও ভারতের শিবম দুবে। প্রথম ওভারে দুটি চার মেরে দারুণ শুরুর ইঙ্গিত দেন রোহিত শর্মা। তবে শেষ বলে তাকে এলবিডাব্লিউ করেন শফিউল ইসলাম। ভারতীয় অধিনায়ক রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৫ বলে ৯ রান করেন তিনি। শফিউলের প্রথম ও পঞ্চম বলে চার মারার পরই আউট হন রোহিত।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৫ রান করে ভারত। পরের ওভারে বল হাতে নেন আমিনুল ইসলাম। এই ডানহাতি স্পিনার তার তৃতীয় বলে লোকেশ রাহুলের উইকেট তুলে নেন। ১৭ বলে ১৫ রান করে শর্ট কভারে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হন রাহুল।

আমিনুলের বলে তৃতীয় উইকেটের পতন হয় ভারতের। নিজের দ্বিতীয় শিকার তিনি বানান শ্রেয়াস আইয়ারকে। বাংলাদেশি স্পিনারের আগের ওভারে ছক্কা মারা ভারতীয় ব্যাটসম্যান লম্বা শট খেলেন। কিন্তু লং অফে মোহাম্মদ নাঈম সহজে ক্যাচ ধরেন তার। ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ২২ রান করেন আইয়ার।

ভারতের টপ অর্ডারের ব্যর্থতায় প্রতিরোধ গড়েছিলেন শিখর ধাওয়ান। ফিফটি থেকে কয়েকটি রান দূরে ছিলেন তিনি। কিন্তু মাহমুদউল্লাহর প্রথম ওভারে তিনি বিদায় নিলেন রান আউট হয়ে। ৪২ বলে ৩ চার ও ১ ছয়ে ৪১ রান করেন ভারতীয় ওপেনার।

ঋষভ পান্ত দ্বিতীয় উইকেট নেওয়ার ডাক দিলে ধাওয়ান দৌড় দেন। কিন্তু পান্ত মন পাল্টানোয় ভারতীয় ওপেনার আবার ব্যাটিং প্রান্তে ফিরে যাওয়ার আগেই মুশফিকুর রহিম তার স্টাম্প ভেঙে দেন।

দুবের আন্তর্জাতিক অভিষেক ভালো হয়নি। মাত্র ৪ বল খেলে বিদায় নেন তিনি। ১ রান করে আফিফ হোসেনকে ফিরতি ক্যাচ তুলে দেন দুবে। এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন বাংলাদেশি বোলার।

শফিউল তার শেষ ওভারে ঋষভ পান্তকে নাঈমের ক্যাচ বানান। ২৬ বলে ৩ চারে ২৭ রান করেন পান্ত। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের ২ ছয়ে স্কোর একটু বাড়িয়ে নেয় স্বাগতিকরা। শেষ বলে পান্ডিয়া ৬ মারেন। তাতে ১৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ভারত।

শফিউল ও আমিনুল সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।