‘বাংলাদেশ সব সময় ভারতের বিপক্ষে তীব্র লড়াই করে’

যুজবেন্দ্র চাহালপ্রতিপক্ষ ভালো খেললে তার প্রশংসা করা উচিত মনে করেন ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি হারের পর তাই বাংলাদেশের প্রশংসায় কার্পণ্য করলেন না তিনি। আর ভারতের বিপক্ষে মাঠে নামলেই বাংলাদেশ যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে, সেটা মঙ্গলবারের সংবাদ সম্মেলনে স্বীকার করলেন চাহাল।

গত রবিবার ভারতের বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে প্রথমবার জেতে বাংলাদেশ। ওই ম্যাচে সফরকারীদের পারফরম্যান্সের প্রশংসা করলেন চাহাল, ‘সবার আগে আপনার উচিত, প্রতিপক্ষ ভালো খেললে তাদের স্বীকৃতি দেওয়া। প্রথম টি-টোয়েন্টিতে যে তারা ভালো খেলেছে, এটা মানতেই হবে। জানি, তাদের চেয়ে আমরা বেশ ভালো খেলি। কিন্তু আমাদের বিপক্ষে খেলা হলেই বাংলাদেশ সব সময় তীব্র লড়াই করে। মুশফিকুর সত্যিই ভালো খেলেছিল।’

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া ভারতে বাংলাদেশ। তারা না থাকলেও বাংলাদেশের এই দলকে খাটো করে দেখার সুযোগ নেই বললেন চাহাল, ‘তামিম-সাকিবকে ছাড়াও বাংলাদেশ অনেক ভালো দল। তাদের সবাই অভিজ্ঞ, এমনকি তাদের নতুন লেগস্পিনার (আমিনুল ইসলাম) ভালো বল করে। শুধু সাকিব-তামিম না থাকায় বাংলাদেশকে আমরা দুর্বল দল মনে করছি না।’

সিরিজের প্রথম ম্যাচ হারলেও দলের ওপর চাপ নেই বললেন চাহাল। এই স্পিনারের বিশ্বাস, ঘুরে দাঁড়াবে দল। আগের ম্যাচে অভিষেক ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমের উইকেট নেওয়া চাহাল বলেছেন, ‘এটা তিন ম্যাচের সিরিজ, চাপের ব্যাপার কারও মাথায় আসছে না। আমরা ১-০ তে পিছিয়ে, কিন্তু এখনও দুই ম্যাচ আছে। আমাদের নিজেদের ওপর আস্থা আছে এবং আত্মবিশ্বাসী যে আমরা ঘুরে দাঁড়াবো। এটা দ্বিপাক্ষিক সিরিজ, তিন ম্যাচের এবং কোনও ম্যাচই নকআউট নয়। এক দলকে জিততে হবে, আরেক দলকে হারতে হবে। ওই দিন বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছিল।’ এএনআই নিউজ