প্রতিক্রিয়া জানালেন সাকিব

সাকিবের স্ট্যাটাসঅবশেষে প্রতিক্রিয়া জানালেন সাকিব। তাও সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। স্ট্যাটাসে সব ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্য করে দেশের প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন এই দেশ সেরা অলরাউন্ডার। বিসিবির নিষেধাজ্ঞা আরোপের পরই এই প্রথম ফেসবুক পেজ থেকে এমন একটি স্ট্যাটাস দিলেন তিনি। মঙ্গলবার দুপুর দুইটায় এই স্ট্যাটাসটি দেন সাকিব। এই স্ট্যাটাস দেওয়ার প্রায় দুই ঘণ্টা পরই ওই পোস্টে লাইক পড়ে প্রায় ৪০হাজার। শেয়ার হয়েছে ১২'শ ১৪বার। আর বেশির ভাগ সাকিব ভক্তই সাকিবের প্রতি সমর্থন জানিয়ে এই পোস্টে নিজেদের মন্তব্য জানিয়েছেন। ভক্ত ও সমর্থকদের রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'আপনাদের কাছ থেকে অতীতে যে ভালবাসা ও সমর্থন আমি পেয়েছি এবং বর্তমানে আরও বেশি যেভাবে পাচ্ছি, তাতে আমি সত্যিই অভিভূত। এই কঠিন সত্যের মুহূর্তে আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমি আজ যা, সেটি আপনাদের অশেষ ভালোবাসা, সমর্থন আর আমাদের জাতীয় পতাকার লাল সবুজের কারণে। আমি প্রতিটি মুহূর্তে এই ভালবাসা আর আবেগকে ধারণ করেই খেলি। অন্য যেকোনও কিছুর চেয়ে দেশ আমার কাছে বেশি মূল্য রাখে। আমার পাওয়া প্রত্যেকটা সুযোগে আমি দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করতে চাই। আপনাদের চিন্তায় ও দোয়ায় আমাকে রাখুন। আপনাদের সবার জন্য ভালবাসা।'