শনিবার রাতে বার্সেলোনা-সেল্তা ভিগো ম্যাচের ২৩ মিনিটে মাঠ ছাড়তে হয় সেমেদোকে। একাদশে থাকলেও শুরুর বাঁশির কিছুক্ষণ পর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন এই পর্তুগিজ। শেষ পর্যন্ত তাকে উঠিয়ে নেন কোচ এরনেস্তো ভালভারদে। বাঁ পায়ের কাফ ইনজুরিতে পড়েছেন সেমেদো। বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ হয়ে ফিরতে পাঁচ সপ্তাহ লাগতে পারে তার।
সেমেদোর চোট বার্সেলোনা জন্য বড় ধাক্কাই। এক ম্যাচ আগেই তারা হারিয়েছে লেফট ব্যাক জোর্দি আলবাকে। এবার প্রথম পছন্দের রাইট ব্যাককেও হারালো তারা।
চোটে পড়ে পর্তুগিজ ফুলব্যাক মিস করবেন লেহানেস (লা লিগা), বরুশিয়া ডর্টমুন্ড (চ্যাম্পিয়নস লিগ), অ্যাতলেতিকো মাদ্রিদ (লা লিগা), রিয়াল মায়োর্কা (লা লিগা), ইন্টার মিলান (চ্যাম্পিয়নস লিগ) ও রিয়াল সোসিয়েদাদ (লা লিগা) ম্যাচ। বার্সেলোনার দেওয়া বিবৃতি অনুযায়ী সেমেদো ফিরবেন এল ক্লাসিকোর চার দিন আগে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাতালানরা ঘরের মাঠে নামবে ১৮ ডিসেম্বর।
লা লিগায় এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচে মাঠে নেমেছেন সেমেদো। সব মিলিয়ে চলতি মৌসুমে খেলেছেন ১৬ ম্যাচ। লা লিগায় ১২ ও চ্যাম্পিয়নস লিগের চার ম্যাচ।
পর্তুগিজ রাইট ব্যাককে শুরুতে হারালেও দুর্দান্ত জয় দিয়ে পথে ফিরেছে বার্সেলোনা। মেসির জাদুকরী হ্যাটট্রিকে সেল্তাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। তাতে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে।