পাকিস্তানকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের মাত্র ২৪০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে শুরু করেছে দুর্দান্ত। প্রথম দিন পাকিস্তান অলআউট হওয়ার পর দিন শেষের ঘোষণা আসে। আজ (শুক্রবার) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সারাদিনে হারিয়েছে মাত্র ১ উইকেট।
এবারের অ্যাশেজে ধারাবাহিক ব্যর্থ ছিলেন ওয়ার্নার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ইংল্যান্ডের মাটিতে নেমেছিলেন প্রথম টেস্ট খেলতে। যদিও কিছুই করতে পারেননি এই ওপেনার। ব্যর্থতার বৃত্ত ভেঙে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ১৫১ রানে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২২তম সেঞ্চুরি।
উদ্বোধনী জুটিতেই অস্ট্রেলিয়ার পায় বড় জুটি। ওয়ার্নার ও জো বার্নস যোগ করেন ২২২ রান। একটুর জন্য সেঞ্চুরি পাননি বার্নস। ৯৭ রানে আউট হয়েছেন এই ওপেনার। ১৬৬ বলের ইনিংসটি বার্নস সাজান ১০ বাউন্ডারিতে।
ওয়ার্নার অবশ্য ভুল করেননি, চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত আছেন দেড়শ ছাড়ানো ইনিংস খেলে। ২৬৫ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি ১০ বাউন্ডারিতে। ওয়ার্নারের সঙ্গে দিন শেষ করেছেন ওয়ান ডাউনে নামা মার্নাস ল্যাবুশ্যাগনে। অ্যাশেজে চমৎকার সময় কাটানো এই ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করে অপরাজিত ৫৫ রানে।
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন পাকিস্তান স্পিনার ইয়াসির শাহ। মোটেও সুবিধা করতে পারেনি ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পেসার নাসিম শাহ। ১৬ ওভারে ৬৫ রান খরচ করলেও এখনও পাননি উইকেটের দেখা। ক্রিকইনফো