এই বছর বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র পাঁচটি, এর চারটিতেই ইনিংস ব্যবধানে হার তাদের। ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে হারের পর কলকাতায় ইনিংস ও ৪৬ রানে হেরে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও তামিম ইকবালের শূন্যতা ভালোভাবে টের পেতে হয়েছে সফরকারীদের। সেটাই উল্লেখ করলেন কোহলি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশের অভিজ্ঞ দুজন ক্রিকেটার নেই। সাকিব-তামিম খেলেনি। মুশফিক ও মাহমুদউল্লাহ ছিল, কিন্তু মাত্র দুজন অভিজ্ঞ ক্রিকেটারের পক্ষে পুরো দলকে এগিয়ে নেওয়া কঠিন। অন্য সবাই তরুণ। তাদের আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারা যদি আরও বেশি টেস্ট খেলে, তাহলে আরও অভিজ্ঞতা অর্জন করবে।’
একে তো কম টেস্ট খেলা, তার ওপর দীর্ঘ সময় পরপর- পাঁচ দিনের ক্রিকেটে বাংলাদেশের সূচি নিয়ে প্রশ্ন তুললেন কোহলি, ‘যদি আপনি দুটি টেস্ট খেলার পর পরেরটি দেড় বছর পর খেলেন, তাহলে বুঝতে পারবেন না পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয় এবং চাপের মধ্যে খেলতে হয়। ম্যাচের পরিস্থিতি বোঝা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের ব্যাটসম্যানদের স্কিলে কোনও সমস্যা দেখছেন না গোলাপি বলের টেস্টে ভারতের প্রথম সেঞ্চুরিয়ান, ‘স্কিল ঠিক আছে, এ কারণেই তারা আন্তর্জাতিক টেস্ট খেলছে। আসলে বেশি বেশি টেস্ট খেলতে হবে তাদের।’