ল্যাথামের সেঞ্চুরির পর বৃষ্টির বাধা

ল্যাথামের সেঞ্চুরি উদযাপনহ্যামিল্টনের সেডন পার্কে শেষ বিকেলে হানা দিলো বৃষ্টি। তাতে নষ্ট পুরো এক সেশন। এর আগে টম ল্যাথামের অপরাজিত সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দারুণ অবস্থানে নিউজিল্যান্ড।

৫৪.৩ ওভারে ৩ উইকেটে ১৭৩ রানে শুক্রবার খেলা শেষ করেছে কিউইরা। মাত্র ৩টি বল হওয়ার পর বিকেলের সেশন দখল করে নেয় বৃষ্টি। তখন ল্যাথাম অপরাজিত ছিলেন ১০১ রানে, হেনরি নিকোলস খেলছিলেন ৫ রানে।

ল্যাথাম ছাড়াও ইংল্যান্ডকে অস্বস্তিতে ফেলেছে বেন স্টোকসের হাঁটুর চোট। মাত্র ২ ওভার বল করে বাঁ হাঁটুতে ব্যথা পান তিনি। জানা গেছে, এই টেস্টে আর বল করতে পারবেন না তিনি। শুধু ব্যাটিংয়ে দেখা যাবে তাকে।

এদিন টস জিতে ইংল্যান্ড ফিল্ডিং নেয়। মাত্র ৩৯ রানে জিৎ রাভাল ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিল সফরকারীরা। ৫ রানে স্টুয়ার্ট ব্রডের উইকেট হন রাভাল। উইলিয়ামসনকে ৪ রানে ফেরান ক্রিস ওকস।

এই ধাক্কা কিউইরা কাটিয়ে ওঠে ল্যাথাম ও রস টেলরের জুটিতে। তৃতীয় উইকেটে ১১৬ রান আসে তাদের ব্যাটে। টেলর ১০০ বলে ৮ চারে ৫৩ রান করে ওকসের দ্বিতীয় শিকার হন। এরপর ল্যাথাম ১৫৯ বলে ১৫ চারে ১১তম সেঞ্চুরি করেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের সৌজন্যে দিনটা শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।