ইনজুরি কাটিয়ে উইন্ডিজ দলে অ্যালেন

ফ্যাবিয়ান অ্যালেনভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা ফিরে পেলেন ফ্যাবিয়ান অ্যালেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলে হাঁটুর চোটে ছিটকে যান এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা দিনেশ রামদিনও আবার ফিটনেস ফিরে পেয়েছেন।

এই মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন অ্যালেন ও রামদিন। প্রথম ম্যাচ খেলে ছিটকে যান অ্যালেন। রামদিন প্রথম দুই ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিংয়ের কারণে শেষটি খেলেননি।

কিয়েরন পোলার্ডের নেতৃত্বে ওই সিরিজ জিতে শুরু করলেও ২-১ এ হেরে যায় উইন্ডিজ। ওই সিরিজে তাদের নতুন মুখ ব্র্যান্ডন কিং ও হেইডেন ওয়ালশ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে থেকে যাচ্ছেন ভারতে।

আফগানদের বিপক্ষে লক্ষ্ণৌতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল টেম্পারিং করে চার টি-টোয়েন্টি নিষিদ্ধ হওয়া নিকোলাস পুরান আছেন ভারতের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে। নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে খেলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার শাস্তি শেষ হবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে। হয়তো দ্বিতীয় ম্যাচেই দেখা যাবে পুরানকে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী দল নিয়েই ভারতের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ক্রিস গেইলকে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু ক্যারিবিয়ান ওপেনার ছুটি নিয়েছেন, ফিরবেন ২০২০ সালে।

আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে।

টি-টোয়েন্টি দল: কিয়েরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ, কেসরিক উইলিয়ামস।

ওয়ানডে দল: কিয়েরন পোলার্ড (অধিনায়ক), সুনীল আম্ব্রিস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস ‍পুরান, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।