ফাইনালে উঠে রোমাঞ্চিত বাংলাদেশ নারী দল

Jahanara-Alam-Captain-247x300প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়ে প্রথমবারই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল মেয়েরা।
প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে তাই ভীষন রোমাঞ্চিত নারী ক্রিকেটাররা। বৃহস্পতিবার তারা জিম্বাবুয়েকে ৩১ রানে পরাজিত করে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম বলেন, ‘দলের সবাই খুব খুশি। সবাই রোমাঞ্চিত। এবারই প্রথমবার আমরা বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে যেতে পেরেছি। শেষবার আমরা স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি।’
সেমিফাইনালে মাঠে নামার আগে চাপে ছিলেন জাহানারারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা খুব চাপে ছিলাম। উইকেট এখানে একদমই ভালো ছিল না। বল অনেক নিচু হয়ে আসছিল। তারপরও শারমিন ও ফারজানা ভালো একটি জুটি গড়তে পেরেছে। এই কারণেই আমাদের স্কোর ৮৯ হয়েছে।’
তিরি আরও যোগ করেন, ‘এই স্কোর গড়লেও আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। কেননা আমাদের বোলিং বিভাগ এবং ফিল্ডিং বিভাগ অনেক শক্তিশালী। আমরা প্রমাণ করতে পেরেছি আমরা যোগ্য দল।’

/আরআই/এমআর/