বরিশালের হয়ে বাকি ম্যাচগুলোতে মাঠ মাতাবেন তিনি। বরিশাল বুলস চট্টগ্রাম পর্ব শেষ করে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকার পথে রওয়ানা হয়েছে। শুক্রবার রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ডি/এল মেথডে ৬ উইকেটের জয় তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বরিশাল। তারা ৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
ব্যাটিং দানব বাংলাদেশে আসছে শুনে টিম ম্যানেজম্যান্টের মধ্যে স্বস্তির সুবাতাস বইছে। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও রোমাঞ্চিত। টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে, গেইলের আগমনের খবরে দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপেছেন।
বরিশালের হয়ে খেলা ত্রিনিদাদের ক্রিকেটার এভিন লুইস বিপিএল তৃতীয় আসরের একমাত্র সেঞ্চুরিটি (১০১) করেছেন। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তিনি ওই সেঞ্চুরি করেন। বিপিএল ক্রিস গেইলের সঙ্গে ওপেন করবেন বলে রোমাঞ্চিত এই ক্রিকেটার।
লুইসের সেঞ্চুরির পর বিসিবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে গেইলকে ট্যাগ করে টুইট করা হয়েছিল, বিপিএলে একাই তিনটি সেঞ্চুরি করেছেন গেইল। এরপর ক্রিস গেইল ঘোষণা দিয়েছেন, 'আমি আসার পর আরেকটা (সেঞ্চুরি) ধরে রাখো।'
উল্লেখ্য, ক্রিস গেইল বিপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন বিপিএল-১ এর প্রথম ম্যাচেই। করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১। প্রথম ম্যাচের ওই শতকের পর সেবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে করেছিলেন ৬১ বলে ১১৬। এরপর দ্বিতীয় বিপিএলে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়টর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। বিপিএলের আগের ২ আসর মিলিয়ে মাত্র ৬ ম্যাচ খেলেই গেইল করেছেন ৩টি শতক! বিপিএলে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি!
/আরআই/এমআর/