২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেই রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করেছেন রোহিত। এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে বছরের প্রথম শতকের দেখা পান। আজ বিশাখাপত্তমে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪তম ওভারে জেসন হোল্ডারের বলে দৌড়ে একটি রান নিয়ে ‘সপ্তম স্বর্গে’ পৌঁছে যান রোহিত। ১০৭ বলে ১১ চার ও ২ ছয়ে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি করেন তিনি। একই সঙ্গে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে সৌরভ গাঙ্গুলী (৭) ও ডেভিড ওয়ার্নারের (৭) পাশে বসেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৯৯৮ সালে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি করেছিলেন শচীন।
সব সংস্করণ মিলিয়ে এই বছর সর্বোচ্চ ১০টি সেঞ্চুরি রোহিতের। তিনটি আছে টেস্ট সেঞ্চুরি। এই তালিকায় তার পরে আছেন বিরাট কোহলি (৭)। ৩২ বছর বয়সী রোহিত থেমেছেন ১৫৯ রানে। এ বছর ভারতের কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি। ২০১৩ সাল থেকে টানা ৭ বছর ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তিনি।
সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। ১০২ রানে আউট হন তিনি। গত জুলাইয়ে লিডসে বিশ্বকাপ ম্যাচেও এই দুজন সেঞ্চুরি করেন। এ নিয়ে ওয়ানডেতে দুই ওপেনারের সেঞ্চুরির ঘটনা ঘটলো ৪১ বার। রেকর্ড নবমবার এই কীর্তি গড়লো ভারত।
রাহুল ফিরে যান ২২৭ রানের উদ্বোধনী জুটি গড়ে। ভারত ষষ্ঠবার প্রথম উইকেটে ডাবল সেঞ্চুরির জুটি গড়েছে, যেই তালিকায় তাদের ওপরে শুধু শ্রীলঙ্কা (১১)।
রোহিত-রাহুলের অনন্য কীর্তির দিনে দেশের ওয়ানডে ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে ভারত। ৪৭তম ওভারে শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্ত নেন ৩১ রান। রোস্টন চেজের ওই ওভারে চারটি ছয় ও একটি চারে ২৮ রান করেন আইয়ার। এক ওভারে ভারত আগের সর্বোচ্চ ২৮ রান নিয়েছিল, সেটি হায়দরাবাদে ১৯৯৯ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে।