হচ্ছে না পাক-ভারত সিরিজ

india-pakistan_680ee102-99f2-11e5-bc54-68b8564a9f80অনুষ্ঠিত হচ্ছে না বহুল আলোচিত পাক-ভারত সিরিজ। ভারত সরকার মনে করছে এখনও ভারত-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। এ কারণে ক্রিকেট বোর্ড ওই সিরিজের অনুমতি দেবে না সরকার। বিশেষ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমসকে বিসিসিআই’র এক শীর্ষ কর্মকর্তা বলেন, ভারত সরকার ইঙ্গিত দিয়েছে, ভারতীয় জনগণের মনোভাব পাকিস্তানের বিপক্ষে। যদিও প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া কথা রয়েছে। সরকার চাইলে আমরা আরও অনেক আগেই অনুমতি পেতাম। তাই এ সিরিজ ‍আয়োজন করা সম্ভব হবে বলে আমি মনে করি না।
বিজেপি সরকারের এক কর্মকর্তা বলেন, সিরিজটি সম্ভবত আর আলোর মুখই দেখছে না। কারণ, ভারত সরকার পরিবেশ অনুকুলে নয়- মর্মে বিসিসিআইকে অনুমতি দিচ্ছে না।
এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ভারত সরকার এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি। সিরিজ অনুষ্ঠিত হবে না, সরকারের কাছ থেকে এমন কোনও বার্তা পায়নি ক্রিকেট বোর্ড।

তবে সূত্রের খবর সিরিজে সরকারের সম্মতি থাকলে এতদিনে অনুমতি দিয়ে দেওয়ার কথা। সিরিজে সমর্থন নেই বলে সরকার নীরবতা পালন করছে।

ফলে আবারও অনিশ্চয়তার বেড়াজালে আটকে গেল আলোচিত সিরিজ। এই ডিসেম্বরে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত মাসে পাকিস্তান সরকার পাক-ভারত সিরিজে সম্মতি দেয়। সম্মতি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডেরও।

/এমআর/