এখনও স্বপ্ন দেখছে সিলেট!

Josh Cobbবিপিএলে ৬ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে সিলেট সুপার স্টারস। বাকি সবগুলো ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেটের দলটি। সেরা চারে খেলতে হলে সিলেট সুপার স্টারসকে বাকি ৪টি ম্যাচ জয়ের পাশাপাশি খেয়াল রাখতে হবে নেট রান রেটও।
এমন কঠিন সমীকরণ সামনে রেখেই রবিবার বরিশাল বুলসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সিলেট সুপার স্টারস। সিলেটের বিদেশি ক্রিকেটার জশুয়া কব অবশ্য এই সমীকরণকে অসম্ভব মনে করছেন না। স্বপ্ন দেখছেন এখনও সম্ভব সবকিছুই! শনিবার অনুশীলন শেষে মিরপুরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কঠিন সমীকরণের সামনে আমরা। প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের। এ কাজটা যদিও কঠিন তবে অসম্ভব নয়। যদি পরের ম্যাচটি জিতে মোমেন্টাম নিজেদের পক্ষে রাখতে পারি সেক্ষেত্রে সেটা কঠিন কিছু নয়।’
পয়েন্ট টেবিলে তলানিতে থাকলেও সিলেটকে বাজেভাবে হারতে হয়েছে খুব কম ম্যাচেই। দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচে হারতে হয়েছে ১ রানের ব্যবধানে। আর একটিতে ৬ রানে। ম্যাচগুলোতে কাছাকাছি যেয়েও পরাজয় প্রসঙ্গে এই ইংলিশ ব্যাটসম্যান বলেন, ‘এটাকে আমাদের দুর্ভাগ্য বলতে হবে। ২টি ম্যাচেই আমরা ১ রানে হেরেছি। আমাদের দলটা খুব ভালো হয়েছে। তারপরেও ক্রমাগত ম্যাচ হারছি। এটা দুর্ভাগ্যজনক।’ 

শেষ দিকে আশার কথাও শোনান কব। তিনি বলেন, ‘সম্প্রতি শহীদ আফ্রিদি, সোহেল তানভির যোগ হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে বলে মনে করি।’

/আরআই/এফআইআর/