এই ম্যাচে ক্রিকেট ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করবে ক্রিস গেইল এবং শহীদ আফ্রিদি শো দেখার। গেইল তৃতীয় আসরের প্রথম ম্যাচে রবিবার মাঠে নামবেন বরিশাল বুলসের হয়ে। অন্যদিকে আফ্রিদি নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন সিলেট সুপার স্টারসের হয়ে।
এছাড়াও এ ম্যাচের দিকে দৃষ্টি থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এ ম্যাচটিতে সিলেট হারলে সবার আগে দ্বিতীয় পর্বে উঠে যাবে বরিশাল। তবে উৎসব শুরু হয়ে যাবে কুমিল্লা শিবিরেও। মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লাও যে দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত করে নেবে।
রংপুর রাইডার্স শিবিরেও দেখা যেতে পারে উল্লাস। তারা যদি ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দিতে পারে আর অন্যদিকে যদি সিলেট হেরে যায় তবে সাকিব আল হাসানের দল দ্বিতীয় পর্বের টিকিট পেয়ে যাবে।
শেষ চারের খেলা এবার আইপিএলের আদলে অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ২ দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। জেতা দল ফাইনালে চলে যাবে। হারা দলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ থাকবে।
পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে। যে দল হারবে তারা বিদায় নেবে চলতি তৃতীয় আসর থেকে। জেতা দল প্রথম কোয়ালিফায়ারে হারা দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। যে দল জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারের জেতা দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচটি হচ্ছে টুর্নামেন্টের শেষ পর্ব।
লিগ পর্বের ৩৪টি ম্যাচের মধ্যে ২০ টি ম্যাচে এই মধ্যে শেষ হয়ে গেছে। আর বাকি ১০ টি খেলা।
দলগুলোর মধ্যে সবচেয়ে সুবিধাজনক স্থানে আছে কুমিল্লা ও বরিশাল। কুমিল্লা ৭ মাচে ৫ জয় ও বরিশাল ৬ ম্যাচে ৫ ম্যাচে জিতে ১০ পকেটে তুলেছে। ৭ ম্যাচে ৪ জয়ে রংপুর ৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে। ৬ ম্যাচে ৩ জয়ে ঢাকা পেয়েছে ৬ পয়েন্ট।
টুর্নামেন্টে সবচেয়ে বাজে অবস্থায় আছে চিটাগং ও সিলেট। ৮ ম্যাচে ২ জয়ে চিটাগাং ৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ও ৬ ম্যাচে মাত্র ১ জয়ে সিলেট ২ পয়েন্ট পেয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।
কাগজে-কলমে এখনও সুযোগ থাকলেও চিটাগং ও সিলেটের বিদায় নেওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে চিটাগং ভাইকিংস। বাকি থাকা ২ ম্যাচের মধ্যে যে কোন একটি ম্যাচ হারলেই বিদায় নেবে তারা। সেক্ষেত্রে চিটাগংয়ের চেয়ে সিলেটের সুযোগটা একটু বেশিই। তবে সেক্ষেত্রে রংপুর অথবা ঢাকা, যে কোনও একদলকে বাকি থাকা সবকটি ম্যাচেই হারতে হবে। আর সিলেটকে সবকটি ম্যাচই জিততে হবে।
/আরআই/এমআর/