সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ খানআগামী মাসে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সফরে দুটি টেস্টের সঙ্গে খেলার কথা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে জটিলতা টেস্ট সিরিজ নিয়ে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে রাজি হলেও নিরাপত্তার কারণে সেখানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। এ নিয়ে বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করার পর থেকেই সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে। সাবেক ক্রিকেটাররা নানা মন্তব্য করছেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে চাপে ফেলে সে দেশে পূর্ণাঙ্গ সফর করতে বাধ্য করা। এর মধ্যে দেশটির সাবেক ক্রিকেটার রশিদ খান আবিষ্কার করেছেন ভারতের ‘ষড়যন্ত্র তত্ত্ব’। ২৭ ডিসেম্বর তিনি বলেছেন, বাংলাদেশের টেস্ট সিরিজ খেলার অনীহার পেছনে ইন্ধন আছে ভারতের।
পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছে দশ বছর পর। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গী হামলার পর আর ঘরের মাঠে টেস্ট খেলতে পারেনি তারা। এই মাসের শুরুতে শ্রীলঙ্কা এসে দুই টেস্টের সিরিজ খেলে সেই খরা ঘুচিয়েছে। শ্রীলঙ্কার পরই আইসিসির এফটিপি অনুযায়ী বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলার কথা। কিন্তু বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, আপাতত পাকিস্তানে লম্বা সফরে গিয়ে টেস্ট খেলা সম্ভব নয়। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়া যেতে পারে, কারণ সেটি অল্পদিনেই সেরে আসা যাবে। টেস্টে বিসিবির অনীহার প্রকৃত কারণ, বিদেশি কোচিং স্টাফের প্রায় কেউই পাকিস্তানে এই মুহূর্তে যেতে মানসিকভাবে প্রস্তুত নন। লম্বা সফরে যেতে অনাগ্রহী অনেক ক্রিকেটারও।বাংলাদেশ টেস্ট দুটি খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে।
ওয়াসিম বারিতবে বিসিবি এটাও বলেছে, যদি টি-টোয়েন্টি খেলে এসে পাকিস্তানের পরিবেশ-পরিস্থিতি ভালো মনে হয়, তাহলে শ্রীলঙ্কার মতো দ্বিতীয় দফায় গিয়ে টেস্ট খেলা হবে। কিন্তু পাকিস্তানের হয়ে মাত্র ৪টি টেস্ট খেলা পেসার রশিদ খান বাংলাদেশের এই অনীহার পেছনে চিরবৈরি প্রতিবেশী ভারতের ‘হাত’ দেখছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ এখানে সফর করলে তা সমস্যায় ফেলবে ভারতকেই। কারণ এই সিরিজ জেতার ভালো সুযোগ আছে স্বাগতিকদের। এর ফলে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতের সঙ্গে পাকিস্তানের পয়েন্ট ব্যবধান কমে যাবে। এটাই হয়তো ভারত চায় না।’
পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলীর মতো রশিদ খান তাই এ বিষয়ে আইসিসিকে ব্যবস্থা নিতে বলছেন, ‘এই মুহূর্তে সিরিজটি যাতে হয়, সেজন্য আইসিসির হস্তক্ষেপ করা উচিত।’
বাংলাদেশের অনীহায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ওয়াসিম বারি, ‘আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন আসতে দোনোমনো করছে। কারণ এমনটি করলে ওরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারাবে।’