চোটের ভুবনে ভুবির লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপও ভুবনেশ্বরের ভাবনায় নেইখুবই ব্যস্ত সূচি নিয়ে শুরু হবে ভারতের নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট। ৫ জানুয়ারি শুরু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে তিনটি ওয়ানডে। ঘরের মাঠে দুটি সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারত, কিন্তু কোনও দলেই নেই ভুবনেশ্বর কুমার। থাকার কথাও নয় অবশ্য। ‘টিম ইন্ডিয়া’র অন্যতম সেরা পেসার লড়ছেন চোটের সঙ্গে। এমনকি আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও ভুবির ভাবনায় নেই।

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে হ্যামস্ট্রিংয়ের চোট তার সঙ্গী। ওয়ানডের সেরা প্রতিযোগিতায় ৬ ম্যাচ খেললেও সেরা ফর্মে ছিলেন না, উইকেট নিয়েছেন ১০টি। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন, গত মাসে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন। কিন্তু এখন আর খেলার মতো অবস্থা নেই।

আগামী সপ্তাহে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন ভুবনেশ্বর। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘জানি না কবে মাঠে ফিরতে পারবো। একদিন, এক সপ্তাহ বা এক মাসও লাগতে পারে। সব কিছু নির্ভর করছে চোটের অবস্থা আর চিকিৎসা পরিকল্পনার ওপরে। আমি তো খেলতেই চাই, কিন্তু এখন আমি একেবারেই আনফিট।’

বিশ্বকাপ যে ভাবনায় নেই, সে কথাও নির্দ্বিধায় জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩৬টি উইকেটের মালিক, ‘বিশ্বকাপের কথা এখন ভাবছি না। আমি শুধু বিশ্বকাপের আগে সেরে উঠতে চাই। আমার প্রথম লক্ষ্য ফিটনেস ফিরে পাওয়া। মাঠে ফেরার পরই বিশ্বকাপের পরিকল্পনা করবো।’