বাবার জন্য স্টোকসের ভালোবাসা

বাবা-মায়ের সঙ্গে বেন স্টোকসবছরটা কেটেছে স্বপ্নের মতো। বিশ্বকাপ ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, ইংল্যান্ডও প্রথমবারের মতো পেয়েছে বিশ্ব জয়ের স্বাদ। হেডিংলি টেস্টে তার অবিশ্বাস্য ইনিংসে ইংলিশরা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। পেয়েছেন একাধিক সম্মানজনক পুরস্কার। তবু ২০১৯ কে মন থেকে মুছে ফেলতে আপত্তি নেই বেন স্টোকসের। বাবার সুস্থতার বিনিময়ে স্মরণীয় বছরটি বদলে ফেলতে চান ইংলিশ অলরাউন্ডার।

ছেলের খেলা দেখতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জেড স্টোকস। এখন অবস্থার একটু উন্নতি হলেও হাসপাতাল থেকে ছাড়া পাননি। বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের মন পড়ে আছে হাসপাতালে। ইংল্যান্ডের মিরর পত্রিকায় স্টোকস লিখেছেন, ‘জীবনের সবচেয়ে স্মরণীয় বছরের শেষে ২০১৯ কে সংক্ষেপে বর্ণনা করা ভীষণ কঠিন। বছরটা অবিশ্বাস্য সাফল্য আর কিছু দুঃখজনক ব্যর্থতায় শেষ হলো।’

স্টোকসের পরের কথায় ফুটে উঠেছে বাবার প্রতি অসীম ভালোবাসা, “যদি কেউ বলতো, ‘গত বছর যা হয়েছে সব কিছু তোমার থেকে কেড়ে নেবো। বিনিময়ে তোমার বাবা সুস্থ হয়ে খুশি মনে তোমার খেলা দেখবেন।’ তাহলে আমি বলতাম, হ্যাঁ বদলে দিন।”

হাসপাতালে কাটলেও বড়দিনে পরিবারের সবাইকে কাছে পেয়ে খুশি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পুরস্কারজয়ী স্টোকস, ‘আমরা পরিকল্পনা করেই বড়দিন হাসপাতালে কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত ৭ বছরে আমরা এমন সুযোগ পাইনি। হাসপাতালের রুমের ভেতরে থাকলেও আমরা একসঙ্গেই ছিলাম।’