যুব বিশ্বকাপের সূচি ঘোষণা

U-19 World Cup Schedulআইসিসি সোমবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬-এর সূচি ঘোষণা করেছে। যুব বিশ্বকাপের এগারোতম আসরটি শুরু হবে আগামী ২৭ জানুয়ারি, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশের ৪টি শহরের, ৮টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯ দিনের এই টুর্নামেন্টের ৪৮টি ম্যাচ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২২ জানুয়ারি থেকে শুরু হবে অনুশীলন ম্যাচগুলো।
সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে। অন্য ম্যাচগুলোতে রিজার্ভ ডে না থাকলেও সুপার লিগ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
ইতিহাসের প্রথম বারের মতো আইসিসি ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে। ২০টি ম্যাচের মধ্যে চট্টগ্রামে ৪টি, মিরপুরে ৯টি এবং ফতুল্লা থেকে ৭টি ম্যাচ স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

গ্রুপ পর্ব :

২৭ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফিজি। এছাড়া বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

২৮ জানুয়ারি ৩টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ফতুল্লায় খেলবে নিউজিল্যান্ড ও নেপাল। এবং সিলেটের ২টি ভেন্যুতে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এদিন। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কানাডা মুখোমুখি হবে। এদিন অস্ট্রেলিয়া-ভারতের ম্যধকার গ্রুপ পর্বের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

২৯ জানুয়ারি চট্টগ্রামে ৪টি দল মাঠে নামবে। বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ে খেলবে ফিজির বিপক্ষে; সাগরিকায় ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে কক্সবাজারে অনুষ্ঠিত হবে স্কটল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচটি। এদিন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

৩০ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে; ফতুল্লায় অস্ট্রেলিয়া খেলবে নেপালের বিপক্ষে। সিলেটে শ্রীলঙ্কা-আফগানিস্তান ও পাকিস্তান-কানাডা মুখোমুখি হবে। এই ম্যাচগুলোর মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

৩১ জানুয়ারি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ-ফিজি এবং ইংল্যান্ড-জিম্বাবুয়ে মাঠে নামবে। কক্সবাজারে নামবে বাংলাদেশ-স্কটল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া। এদিন ইংল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচটি সরাসরি দেখানো হবে।

১ ফেব্রুয়ারি মিরপুরের হোম অব ক্রিকেটে খেলবে ভারত ও নেপাল। ফতুল্লায় খেলবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অন্যদিকে আফগানিস্তান-কানাডা খেলবে সিলেটে। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস।

২ ফেব্রুয়ারি চট্টগ্রামে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে। কক্সবাজারে এদিন ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলবে নামিবিয়ার বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

৩ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। এদিন মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লেট চ্যাম্পিয়নশিপ। সুপার লিগে যার উঠতে ব্যর্থ হবে তারাই প্লেট চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।

সুপার লিগ :

৫ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সুপার লিগ কোয়ার্টার ফাইনাল। পরের দিন সুপার লিগের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনাল। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৫ম ও ৬ষ্ঠ স্থানের জন্য সুপার লিগ প্লে/অফ। পরের দিন ৩য় ও ৪র্থ স্থানের জন্য সুপার লিগ প্লে/অফ।

টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ ফেব্রুয়ারি। এদিন এগারোতম যুব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

/আরআই/এমআর/