কোহলিকে ভক্তের ‘অভিনব’ উপহার

ভক্তের উপহারে মুগ্ধ কোহলিশ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভক্তের কাছে অভিনব এক উপহার পেলেন বিরাট কোহলি। পুরনো মোবাইল ফোনের যন্ত্রাংশ দিয়ে ভারত অধিনায়কের পোট্রেট বানিয়েছেন রাহুল পারেক নামের এক ভক্ত।

মোবাইল ফোন ও তার দিয়ে ছবিটি বানাতে তিনদিন সময় লেগেছে রাহুলের। ভক্তের এ শিল্পকর্মে অভিভূত কোহলি। ভক্তের সঙ্গে তার কথোপকথনের ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুইটে তারা লিখেছে, ‘পুরনো ফোনের শিল্পকর্ম। এটাই তো ভক্তদের ভালোবাসা।’

ভিডিওতে রাহুল তার রোমাঞ্চকর মুহূর্তের কথা তুলে ধরেছেন, ‘পুরনো মোবাইল ফোন ও তার দিয়ে আমি এই পোট্রেট তৈরি করেছি। এটা করতে আমার তিনদিন-তিনরাত লেগেছে। কোহলি স্যার আমাকে তার অটোগ্রাফ দিয়েছেন। যখন তিনি আমার সঙ্গে দেখা করতে এলেন, তখন আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। আমি কয়েক মাস আগে জেনেছি, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গুয়াহাটিতে আসছেন কোহলি।’