নিজেদের দুর্গেই চাপের মুখে দক্ষিণ আফ্রিকা

রুট-সিবলির ব্যাটে কেপটাউন টেস্টে ভালো অবস্থায় ইংল্যান্ডপ্রথমে জেমস অ্যান্ডারসনের ৫ উইকেট আর বেন স্টোকসের ৫ উইকেট, তারপর ডমিনিক সিবলি আর জো রুটের দৃঢ়তা। সব কিছুর যোগফল, যে কেপটাউনকে দক্ষিণ আফ্রিকা নিজেদের দুর্গ হিসেবে গড়ে তুলেছে, সেখানেই ভালো অবস্থায় ইংল্যান্ড। ৪ উইকেটে ২১৮ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া সফরকারীরা এগিয়ে ২৬৪ রানে। প্রথম টেস্ট জিতে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা পরের টেস্টেই চাপের মুখে।

সেঞ্চুরিয়নে ভালো বল করতে পারেননি, উইকেট পেয়েছেন মাত্র দুটি। তবে কেপটাউনে জ্বলে উঠে দলকে লিড এনে দিয়েছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের সফলতম বোলারের তোপে ৮ উইকেটে ২১৫ রানে দিন শুরু করা প্রোটিয়ারা গুটিয়ে গেছে ২২৩ রানে।

আজকের দুটি উইকেটই অ্যান্ডারসনের। টেস্ট ক্যারিয়ারে ২৮তম ৫ উইকেট শিকারের পথে তার খরচ ৪০ রান। আরেক জনের কথাও বলতে হবে। প্রথম ইংলিশ ফিল্ডার হিসেবে এক ইনিংসে ৫টি ক্যাচ নিয়েছেন স্টোকস।

দ্বিতীয় ইনিংসের শুরুটা তেমন ভালো হয়নি ইংল্যান্ডের। জ্যাক ক্রলিকে কট বিহাইন্ড করে ২৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন কাগিসো রাবাদা। অন্য ওপেনার ডমিনিক সিবলি অবশ্য লক্ষ্যে ছিলেন অবিচল। জো ডেনলিকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েছেন প্রথমে।

আইনরিখ নর্কিয়ার বলে ডেনলি ফিরে যাওয়ার পর দিনের সেরা জুটির জন্ম। সিবলি আর জো রুটের ১১৬ রানের জুটি কল্যাণেই স্বস্তিতে ইংল্যান্ড। দিনের শেষটা অবশ্য ভালো হয়নি তাদের। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে আউট হয়ে ফিরে এসেছেন অধিনায়ক রুট (৬১)। নর্কিয়ার করা দিনের শেষ বলে ডমিনিক বেসও কট বিহাইন্ড হয়েছেন। প্রথম টেস্ট সেঞ্চুরির লক্ষ্যে আগামীকাল সোমবার ব্যাট করতে নামবেন ৮৫ রানে অপরাজিত সিবলি।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে

ইংল্যান্ড: ২৬৯ (পোপ ৬১*, স্টোকস ৪৭; রাবাদা ৩/৬৮) ও ২১৮/৪ (ক্রলি ২৫, সিবলি ৮৫*, ডেনলি ৩১, রুট ৬১, বেস ০; নর্কিয়া ২/৩৬, প্রিটোরিয়াস ১/৩৪, রাবাদা ১/৪১)

দক্ষিণ আফ্রিকা: ২২৩ (এলগার ৮৮, ফন ডার ডুসেন ৬৮, ডি কক ২০, ফিল্যান্ডার ১৭*; অ্যান্ডারসন ৫/৪০, ব্রড ২/৩৮, কারেন ২/৩৯)