সোমবার বরিশাল বুলসকে ৭ উইকেটে পরাজিত করে সংবাদ সম্মেলনে আসেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। এখন পয়েন্ট টেবিলে এক কিংবা দুইয়ের মধ্যে থাকতে হবে। যা শুরু থেকেই আমি বলে আসছিলাম। সামনের একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে। আমরা ওদিকে তাকিয়ে আছি।’
যদিও শুরু থেকে এমন ভাবটা কঠিন ছিল কুমিল্লার জন্য। মাশরাফি তেমন অভিজ্ঞতার কথাই শোনালেন। তিনি বলেন, ‘সত্যি বলতে প্রথম ম্যাচের আগে যখন টিম বানাতে বসেছি তখন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছিল যে পাঁচটা বোলার নিলে ছয়টা ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। একটা ব্যাটসম্যান বাড়াতে গেলে চারটা বোলার হয়ে যাচ্ছে। ওই সময়টা কঠিন মনে হচ্ছিল। এখন আমরা টিম হিসেবে পারফরম্যান্স করছি। মাঠের বাইরে এবং মাঠের ভেতরে সবকিছুতেই আমাদের ভালো কাটছে।’
মিরপুরের উইকেটে রান হচ্ছে না। উইকেট নিয়ে কিছু বুঝছেন না মাশরাফিও। তিনি বলেন, ‘আসলে জোর করে রান করা কঠিন। উইকেট সম্পর্কে কোনও ধারণাই পাচ্ছি না। এমন উইকেটে যারা সব সময় ভালো চেস করে, তারা সব সময় আগে ব্যাটিং করতে চাইবে অন্য দলের উপর ভালো স্কোর করে চাপ তৈরি করতে। কিন্তু দেখা যাচ্ছে এরকম উইকেটে সবাই টসে জিতে আগে ফিল্ডিং করছে। তার মানে এটার সম্পর্কে কোনও ধারণা নেই।’
/আরআই/এমআর/