২০২৩ সাল থেকে চারদিনের টেস্ট শুরুর কথা ভাবছে আইসিসি। আন্তর্জাতিক ব্যস্ত সূচির চাপ ও খেলোয়াড়দের ক্লান্তি কমাতে এই উদ্যোগ নিতে আলোচনা শুরু করবে তারা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এতে সতর্ক সমর্থন দিচ্ছে, আর ক্রিকেট অস্ট্রেলিয়া এ নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা এর বিপক্ষে- এমন খবর ছড়ানোর পর তারাও চারদিনের টেস্ট সমর্থক হিসেবে নিজেদের অবস্থান জানালো।
ব্রিটিশ মিডিয়ার ওই খবরের প্রতিক্রিয়ায় সিএসএ এক বিবৃতি দিয়েছে, ‘আজ সকালে একটি ভুয়া ও অসত্য রিপোর্ট আমাদের নজরে এসেছে। আমরা জানাতে চাই, চারদিনের টেস্ট সমর্থনে দক্ষিণ আফ্রিকার আনুষ্ঠানিক নীতিমালা আছে। এমনকি বছর দুয়েক আগে আমরাই প্রথম আনুষ্ঠানিক চারদিনের টেস্ট আয়োজন করেছিলাম, আমাদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।’
২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পোর্ট এলিজাবেথে প্রথম চারদিনের টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র দুই দিনে ইনিংস ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।