যে কোনও সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের গভর্নমেন্ট অর্ডার বা জিওতে স্বাক্ষর করতে হয়। জাতীয় দলের সফরে এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই দিন সন্ধ্যায় মুমিনুল-তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার এতে স্বাক্ষর করেন। তবে মুমিনুলের স্বাক্ষর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান সফর নিয়ে বিসিবির অবস্থান ছিল খুব পরিষ্কার। কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতেই পাকিস্তান যেতে চায় তারা। কিন্তু জিওতে মুমিনুলের স্বাক্ষরের পর প্রশ্ন উঠছে, তবে কি টেস্ট খেলতেও পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ? আপাতদৃষ্টিতে টেস্ট অধিনায়কের গভর্নমেন্ট অর্ডারে সই করার অর্থ টেস্ট দলের ক্রিকেটারদেরও সরকারের অনুমতি পত্রে সই করানো হচ্ছে।
সন্ধ্যায় তিনজন সিনিয়র ক্রিকেটার বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেটি জানা যায়নি। তবে আগামী ১২ জানুয়ারি বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানা গেছে।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। তাদেরকে বর্তমান পরিস্থিতি ও সরকারের বর্তমান অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করেছি। আশা করি ১২ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’
জানা গেছে, বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। শুধু মুশফিকুর রহিমের আপত্তি রয়েছে, সেটি নাকি তিনি বোর্ডকে আগেই জানিয়েছিলেন।